নকল তার তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা
লাইসেন্সে ঘোষিত নির্দিষ্ট নামের পণ্য উৎপাদনের পাশাপাশি অন্য নামের পণ্য তৈরির অভিযোগে পুরান ঢাকার একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। সাদিয়া কেব্ল তৈরির জন্য বিএসটিআই থেকে লাইসেন্স নিয়ে সাদিয়ার পাশাপাশি সেখানে টিসিএল তার তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া নকল বিআরবি ও প্যারাডাইস কেব্ল তৈরির দায়ে একই এলাকার তার তৈরির দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি থেকে বিপুল পরিমাণ নকল তার ও তার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সিদ্দিকবাজার এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত লিটন হাওলাদারের কারখানায় যান। দরজা বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশের পর দেখা যায়, পূর্ব পাশের একটি সুড়ঙ্গপথ দিয়ে শ্রমিকেরা পালিয়ে গেছেন। চতুর্থ তলা থেকে নকল বিআরবি কেবেলর ১৫৩ কয়েল তার এবং তার তৈরির ১৫ বস্তা কাঁচামাল উদ্ধার করেন আদালত।আদালত পরে পঞ্চম তলায় সাদিয়া কেবেল অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সাদিয়া কেব্ল তৈরির জন্য বিএসটিআই থেকে লাইসেন্স নিয়ে সাদিয়া কেবেলর পাশাপাশি সেখানে টিসিএল কেব্ল তৈরি করছিল। এ অভিযোগে আদালত ওই প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করেন।আদালত একই ভবনের ষষ্ঠ তলার তালা ভেঙে রিয়াজ উদ্দিন মাতব্বরের তার তৈরির কারখানায় অভিযান চালান। সেখানে তারা বিআরবি কেবেলর মতো দেখতে বিআরডি তার তৈরি ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠান থেকে বেশ কিছু তার ও তার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা, র্যাব, মহানগর দাঙ্গা ও বংশাল থানা পুলিশের একটি দল।