নকল তেল ও প্রসাধনী তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেল, প্যারাফিন ও সামান্য নারকেল তেল মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল নারকেল তেল। প্যাকেটের গায়ে নামীদামি প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় এমন তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছেন।আদালত গতকাল দুপুরে ইসলামবাগের বিল্লাল নারকেল তেল কারখানায় অভিযান চালান। ওই কারখানায় সয়াবিন তেলের সঙ্গে প্যারাফিন ও সামান্য নারকেল তেল মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল তেল। এতে প্যারাসুট ও কিউট নারকেল তেলের স্টিকার বসিয়ে তা বাজারজাত করা হচ্ছে। আদালত ওই কারখানা থেকে প্রায় ৩০০ বোতল নকল প্যারাসুট নারকেল তেল জব্দ করেন। নকল তেল বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে ওই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।পরে আদালত রহমতগঞ্জ হালি বাল্লু রোডে শাহজাহানের মালিকানাধীন একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালান। ওই কারখানায় ফেয়ার অ্যান্ড লাভলির প্যাকেট নকল করে লুসি অ্যান্ড লাভলি করা হয়েছে। নকল প্রসাধনী তৈরির দায়ে ওই কারখানার মালিক শাহজাহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, নারকেল তেল ও ফেয়ার অ্যান্ড লাভলি নকল করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকালের অভিযানে বিএসটিআই ও র্যাব-১০-এর একটি দলও অংশ নেয়।