নকল প্রসাধনপণ্য তৈরি পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার ছোট কাটরা এলাকায় নকল প্রসাধনীর কারখানা ও চক মোগলটুলির খান মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেন। নকল প্রসাধনী তৈরি ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাদের আর্থিক জরিমানা করেছেন আদালত।গতকাল ছোট কাটরার কারখানায় গিয়ে দেখা যায়, ছোট একটি বাড়ি। দোতলার ছোট একটি কক্ষে তৈরি হচ্ছে নকল প্রসাধনী। দুটি বিশাল আকৃতির সিলভারের হাড়িতে তৈরি করা হয়েছে লোশন। এরপর তা ভরা হচ্ছে কৌটায়। লোশনভর্তি কৌটার গায়ে সেঁটে দেওয়া হচ্ছে নিভিয়া, ডাভ, ভ্যাসলিনসহ নানা ব্র্যান্ডের মোড়ক। কারখানার কর্মচারী শামীম জানান, মালিক লোশন তৈরির মালামাল তাঁদের এনে দেন। পরে চুলায় গরম করে নরম করেন। সেগুলো ফ্যানে ঠান্ডা করে কৌটায় ভরা হয়। খান মার্কেটের দোকান কর্মচারী সুমন জানান, ৩৩০ টাকা মূল্যের একটি শ্যাম্পু তাঁরা মাত্র ৬০ টাকায় বিক্রি করে থাকেন। এসব মালামাল গ্রাম থেকে আসা বিভিন্ন পাইকারেরা কিনে নেন।অভিযানের সময় উপস্থিত র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, খান মার্কেট থেকে ৫৩ ধরনের বিপুল পরিমাণ নকল প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে। প্রথমে তাঁরা কারখানায় অভিযান চালান। সেখান থেকে তৈরি প্রসাধনী খান মার্কেটে বিক্রি হওয়ার খবর পেয়ে তাঁরা সেখানেও অভিযান চালান।জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে আমেরিকার প্যানটিন প্রো-ভি শ্যাম্পু, হারবাল এসেনসিয়াল লোশন, ডাভ সাবান ও ক্রিম, হেড অ্যান্ড শোল্ডার ও রিজয়েস শ্যাম্পু, গার্নিয়ার শ্যাম্পু, নিভিয়া ক্রিম ও লোশন, সানসিল্ক ও অলক্লিয়ার শ্যাম্পু, ইম্পিরিয়াল লেদার সোপ, আফটার শেভ লোশন এবং জনসন বেবি কেয়ার বডি লোশনসহ ৫৩ ধরনের প্রসাধনী।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, নকল প্রসাধনসামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে শাহীন, সুমন, শামীম, নাজমুল, খোকন ওরফে কোকাসহ পাঁচজনকে ভোক্তা অধিকার আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আদালত একই মার্কেটের দোতলায় রিজু এন্টারপ্রাইজে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লিপস্টিক পাওয়ায় আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা পূজন কর্মকার ও র‌্যাব-১০-এর একটি দল।