নকল ফ্যান কারখানা আবার চালু
নকল ও ভেজালবিরোধী অভিযানে বন্ধ করে দেওয়া রাজধানীর একটি নকল ফ্যানের কারখানা আবার চালু করা হয়েছে। তথ্য গোপন করে হাইকোর্টের আদেশ নিয়ে তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ভেজালবিরোধী অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে নকল ফ্যান, অন্যান্য মালপত্রসহ কারখানাটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মুখ্য মহানগর হাকিমের আদালতে এ ব্যাপারে মামলা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার শ্যামপুর থানার নবীনচন্দ্র গোস্বামী রোডে অবস্থিত ‘নাভিল ক্লাসিক সিলিং ফ্যান’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত দেখতে পান, কারখানার মালিক সৈয়দ লিয়াকত আশরাফ নাভিল ক্লাসিক ফ্যান তৈরির লাইসেন্স নিলেও সেখানে টঙ্গীর ‘ন্যাশনাল ফ্যান’ নকল করা হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং কারখানার সব নকল ফ্যান জব্দ করে তা সিলগালা করে দেন। অভিযানের পরের দিন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা বাদী হয়ে দণ্ডবিধির ৪২০, ৪৮২, ৪৮৩ ও ৪৮৬ ধারায় শ্যামপুর থানায় মামলা করেন।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের ২৪ নভেম্বর আসামির পক্ষে জব্দকৃত মালপত্রসহ কারখানার তালা খুলে দেওয়ার জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়। পরের দিন শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম দিলারা আলো চন্দ্রনা তা নামঞ্জুর করেন। গত ১ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তার মাধ্যমে প্রতিবেদন দাখিলের আদেশ চেয়ে আবেদন করেন। আদালত তাও নামঞ্জুর করেন।গত ৯ ডিসেম্বর শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ কারখানাটি খুলে দেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক ও মালিকদের ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে বলেন, উপযুক্ত আদালতের সন্তুষ্টি সাপেক্ষে কারখানাটি মালিককে বুঝিয়ে দেওয়া যেতে পারে। এ আবেদনও নাকচ করে দিয়ে আদালত তাঁর আদেশে উল্লেখ করেন, ইতিপূর্বেও কারখানা খুলে দেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।আদালত একই সঙ্গে তদন্ত কর্মকর্তা কেন নকল ফ্যান তৈরির কারখানাটি খুলে দেওয়ার আবেদন জানিয়ে প্রতিবেদন দাখিল করেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চান। দাখিলকৃত প্রতিবেদনের বিষয়ে গত ১৭ ডিসেম্বর হাকিমের কাছে ক্ষমা প্রার্থনা করলে আদালত তদন্ত কর্মকর্তাকে ভবিষ্যতে প্রতিবেদন দাখিলের বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন।অন্যদিকে কারখানাটি খুলে দেওয়ার ব্যাপারে মালিকের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়। বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ৪ জানুয়ারি কারখানাটি খুলে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। মামলার বাদী ও বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ প্রথম আলোকে বলেন, কারখানাটি খুলে দেওয়ার আদেশের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গত ১৯ জানুয়ারি তাঁর হাতে কারখানার চাবি বুঝিয়ে দেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়। তিনি এক সহকর্মীকে নিয়ে সেদিন দুপুর দুইটায় ওই কারখানায় যান। সেখানে গিয়ে তাঁরা কারখানাটি খোলা দেখতে পান এবং কর্মচারীদের কাজ করতে দেখেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মবিন আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশে গত ১৯ জানুয়ারি কারখানাটি খুলে দেওয়া হয়। এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কারখানাটি তাঁর জিম্মায় ছিল। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তা খুলে দেওয়া হয়েছে।