প্রকাশনীর বই নকল করে ছাপার অভিযোগে গতকাল শনিবার দুপুরে পুলিশ রাজধানীর পুরান ঢাকার গোপীবাগ কে এম দাস লেনের একটি ছাপাখানার মালিক আবদুল হালিমকে (৫৫) গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ ছাপাখানা থেকে চার প্রকাশনীর ছাপানো বই ও বই ছাপার প্লেট জব্দ করেছে। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে সূত্রাপুর থানার পুলিশ ১৩ কে এম দাস লেনে মা হাজেরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি ছাপাখানায় অভিযান চালায়। এ সময় সেখানে প্রথমা, মাওলা ব্রাদার্স, প্রতীক ও কাকলী প্রকাশনীর বই ছাপা হচ্ছিল। প্রকাশনীগুলোর অনুমতি না নিয়ে বই ছাপার অভিযোগে ছাপাখানার মালিককে আটক করা হয়।প্রকাশনা সংস্থা প্রথমার ব্যবস্থাপক নীলাদ্রি ঘোষ প্রথম আলোকে বলেন, প্রথমা প্রকাশনসহ কয়েকটি প্রকাশনীর অনুমতি না নিয়ে কে এম দাস লেনের এ ছাপাখানায় নকল বই ছাপা হচ্ছে বলে তাঁরা খবর পান। এরপর বিষয়টি সূত্রাপুর থানায় জানানো হয়। মাওলা ব্রাদার্সের বিক্রয়-কর্মী মহিউদ্দিন কবির জানান, ছাপাখানার মালিক সবার অজান্তে বই ছেপে বাজারজাত করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি কিছু প্রকাশনীর বই ইতিমধ্যে বাজারজাত করেছেন বলেও তিনি অভিযোগ করেন। সূত্রাপুর থানার এসআই জহিরুল আলম জানান, আটকের পর আবদুল হালিম জানিয়েছেন রাজ্জাক নামের এক ব্যক্তি তাঁকে চারটি প্রকাশনীর বই ছাপতে দিয়েছিলেন। রাজ্জাকের ফোন নম্বর তাঁর কাছে থাকলেও তিনি ঠিকানা জানেন না। অভিযানের সময় রাজ্জাক সেখানে ছিলেন। এরপর কৌশলে সটকে পড়েন বলে তিনি জানান।গতকাল বিকেলে থানায় আটক হালিমের সঙ্গে কথা বলতে গেলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে না।’ আটক হালিমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তাঁর বাবা মৃত নাদেরুজ্জামান। গতকাল বিকেলে ১৩ কে এম দাস লেনে গিয়ে মা হাজেরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ছাপাখানা তালাবদ্ধ দেখা যায়। আশপাশের লোকজন জানান, ছাপাখানার মালিককে পুলিশ ধরে নেওয়ার পর তাঁর কর্মচারী ছাপাখানায় তালা মেরে চলে গেছেন।