নকল বিআরবি কেবল উদ্ধার ব্যবসায়ীর কারাদণ্ড, জরিমানা
বৈদ্যুতিক তার নকল করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকায় এ অভিযান চালান।দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত নবাবপুর সড়কের তুষার ইলেকট্রিক নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত প্রতিষ্ঠানটির মালিক সফিকুল ইসলাম ওরফে স্বপনকে আটক করে বিসিসি সড়কের একটি মার্কেটে তাঁর গুদাম ঘরে নিয়ে যান। সেখান থেকে আদালত অন্তত ৮০০ কয়েল নকল বিআরবি তার উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন ও নবাবপুর রোডের ব্যবসায়ী সংগঠনের কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। তাঁরা জরিমানা দিয়ে আটক ব্যবসায়ী ও নকল মালামাল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিআরবি কেবল অধিক মুনাফা করে বাজারে বিক্রি করা হচ্ছে। এ কারণে ওই তার নকল হচ্ছে। বিআরবি কেবেলর চেয়ারম্যান মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নকলকারীরা একদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, অন্যদিকে জনগণকে ঠকাচ্ছে। ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, তিনি অন্যদের কাছ থেকে কিনে নিয়ে নকল তার বিক্রি করতেন। ভবিষ্যতে এ ধরনের আর কাজ করবেন না। বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ প্রথম আলোকে বলেন, তুষার ইলেকট্রিক বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে বিআরবি কেবল নকল করে বাজারজাত করছিল। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন নকল তার তৈরির দায়ে ব্যবসায়ী সফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শতকরা ৪৩ ভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকে আমরা স্বাগত জানাই। এতে অগ্নিকাণ্ডের হার কমবে।’নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সহকারী পরিচালক কামরুজ্জামানসহ র্যাব ও দাঙ্গাপুলিশের পৃথক দল।