নকল বৈদ্যুতিক তার জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকার একটি বৈদ্যুতিক তারের গুদামে অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তার জব্দ করেছেন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত নবাবপুরে ১৩২ নম্বর বিসিসি রোডে পরেশ বাবুর শুভ বিদ্যুৎ বিতানের গুদামে অভিযান চালান। আদালত শুভ বিদ্যুৎ বিতানের গুদাম থেকে ছোট-বড় ৫২ কয়েল নকল তার উদ্ধার করেন। নকল তার বিক্রির সঙ্গে জড়িত থাকায় প্রতিষ্ঠানটির মালিক পরেশ বাবুকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এই অভিযান চালানো হয়। অভিযানের সময় গুদামঘর থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে। নকল তার বিক্রির দায়ে বিএসটিআই অধ্যাদেশের ২৪ ও ৩১-এর এ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।