নকল মাস্কের মামলার সাত আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে চিকিৎসাকর্মীদের মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দেওয়ার অভিযোগে করা মামলায় সব আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আসামিরা বিদেশে পালাতে পারেন, বিশ্বস্ত সূত্র থেকে আমাদের কাছে এমন তথ্য রয়েছে। এ জন্য তারা যাতে দেশত্যাগ করতে না পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি পাঠানো হয়েছে।’
এই মামলার আসামিরা হলেন জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপপরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান, ডেস্ক অফিসার জিয়াউল হক ও সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির।
গত ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ওই সাতজনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা। সেদিনই জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাককে দুদকের গোয়েন্দা কর্মকর্তারা গ্রেপ্তার করেন। এখন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।