নকল সোহাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটার অভিযোগে সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪–এর বিচারক জেসমিন আরা বেগম আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আবদুল কাদের পাটোয়ারী।
র্যাব ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বড় সোহাগসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে গ্রেপ্তার হন বড় সোহাগ। আর ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন তিনি। অবশ্য ২০১৭ সালে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরের বছর ২০১৮ সালে বড় সোহাগ পরিকল্পনা করে নকল সোহাগকে আদালতে আত্মসমর্পণ করান। আদালত পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রকৃত অপরাধী বড় সোহাগ সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হন। এদিকে গত ২৬ জানুয়ারি কদমতলী থানার পরিদর্শক সজীব দে আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেন, বড় সোহাগের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে। কৌঁসুলি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, আজ আদালতে আসল সোহাগ ও নকল সোহাগকে হাজির করা হয়। মিথ্যা পরিচয় দিয়ে নকল সোহাগকে আসল সোহাগ পরিচয় করিয়ে আদালতে আত্মসমর্পণ করিয়ে অপরাধ করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জাল–জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। আদালত নকল সোহাগসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।