যমুনা ফিউচার পার্কে কাল অভিযান চলেনি
নগর উন্নয়ন কমিটিতে অননুমোদিত অংশের বিষয়ে নিষ্পত্তির আবেদন
উচ্ছেদের সময়সূচি নির্ধারণ করা থাকলেও গতকাল বুধবার যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ উচ্ছেদে অভিযান চালায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আন্তমন্ত্রণালয় ও তাদের অধীন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত নগর উন্নয়ন কমিটির কাছে যমুনা বিল্ডার্স লিমিটেডের দেওয়া আপিল আবেদন এবং রাজউক চেয়ারম্যানের কাছে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান হয়নি বলে জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে যমুনার পক্ষ থেকে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মহবুব-উর রহমান বরাবর আপিল আবেদন জানানো হয়। যমুনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামের সই করা এই আবেদনের চিঠিতে যমুনা ফিউচার পার্ক বিষয়ে একাধিকবার উচ্চ আদালতে আবেদন করার বিষয়গুলো উল্লেখ করা হয়। চিঠিতে নিয়ম অনুযায়ী, জরিমানা দিয়ে যমুনা ফিউচার পার্কের অনুমোদনহীন অংশ বৈধ করার আবেদন জানানো হয়।এ ছাড়া গতকাল বুধবার সকালে যমুনা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে রাজউক চেয়ারম্যান বরাবর আরেকটি চিঠি দেওয়া হয়। চিঠিতে নগর উন্নয়ন কমিটির আপিল বিভাগের কাছে দেওয়া আবেদনের কথা উল্লেখ করে বলা হয়, রাজউকের অনুমোদন ছাড়া যে অংশটুকু নির্মাণ করা হয়েছে, সে অংশটুকুর ব্যাপারে নগর উন্নয়ন কমিটির সুচিন্তিত সিদ্ধান্ত চাওয়া হয়েছে। চিঠিতে এ বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফিউচার পার্কের অননুমোদিত অংশ না ভাঙার আবেদন জানানো হয়। এ বিষয়ে যদি ইতিবাচক নিষ্পত্তি না হয়, তাহলে যমুনা বিল্ডার্স কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে দেবে বলেও চিঠিতে জানানো হয়।আবেদনের বিষয়ে গতকাল বিকেলে যমুনা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে বাবুলের কাছে টেলিফোনে জানতে চাইলে তিনি প্রথম আলোকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।জানা যায়, গতকাল নগর উন্নয়ন কমিটি এবং রাজউকের কাছে দেওয়া যমুনার চিঠির বিষয়ে পূর্ত মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক সভা হয়। তবে সভায় যমুনা ফিউচার পার্কের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, একেবারেই অনুমোদনহীন বা অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত রাজধানীর পাঁচ হাজার ভবনের বিরুদ্ধে পর্যায়ক্রমে রাজউকের অভিযান চলছে। কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিশেষ ভবনের বিরুদ্ধে রাজউক অভিযান চালাচ্ছে না। তাই অবৈধভাবে নির্মাণকারীরা আবেদন জানালে এবং আইন মানলে বিধিমালার আলোকে তাদের বিষয়ে রাজউক বিবেচনা করতে পারে। তবে এ বিষয়ে নগর উন্নয়ন কমিটির সিদ্ধান্ত থাকতে হবে।