কড়াইল বস্তি পরিদর্শনকালে তিবাইজুকা
নগর পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব দিতে হবে
ঘন ঘন নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাংলাদেশ ধুঁকছে। তাই ঢাকার মতো বড় শহরের আবাসন পরিকল্পনা তৈরির সময় এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব আনা তিবাইজুকা গতকাল সোমবার রাজধানীর আবাসন পরিকল্পনা সম্পর্কে এ কথা বলেন। জাতিসংঘের আবাসনবিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেটের এই নির্বাহী পরিচালক দিনব্যাপী সফরের সময় মহাখালীর কড়াইল বস্তি ঘুরে দেখেন। বস্তিটি পরিদর্শনের সময় তিনি দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প আবাসন এবং নগর পরিকল্পনায় তাঁদের জীবন-জীবিকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকার মতো বড় শহরে বস্তির অবস্থান এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প আবাসনের বিষয়ে জানতে চাইলে তিবাইজুকা বলেন, বস্তি উচ্ছেদ কোনো সমাধান নয়। জাতিসংঘ এ ধরনের পদক্ষেপ সমর্থন করে না। তবে বস্তির লোকজনের জন্য বিকল্প আবাসনের সময় তাদের ঢাকার বাইরে পাঠালেই সমস্যার সমাধান হবে না। কারণ উন্নত জীবনের আশায় এসব বস্তিবাসী ঢাকার মতো শহরের দিকে ছুটে আসে। তাই তাদের বড় শহর থেকে সরিয়ে দিলে তারা সেটা মেনে নেবে, এমনটা ভাবা যায় না।জাতিসংঘ সদর দপ্তরের জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করা আফ্রিকার প্রথম নারী তিবাইজুকা বলেন, বস্তির লোকজনের আবাসন সমস্যার সমাধান করতে হলে প্রথমেই দরকার তাদের নিয়ে আলোচনায় বসা। এতে সমস্যার ব্যাপারে তাদের ভাবনা স্পষ্ট হবে। এরপর আবাসনের জন্য বিনিয়োগ এবং কোন পদ্ধতিতে তারা অর্থায়নের সুযোগ পাবে তা নিয়ে প্রয়াস চালাতে হবে। সার্বিকভাবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি জানান, এসব বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সব সময় তৈরি আছে জাতিসংঘ।ঢাকার আবাসন পরিকল্পনা কেমন হওয়া উচিত জানতে চাইলে সম্প্রতি পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তিবাইজুকা বলেন, ‘শুনেছি এই বস্তিতে (কড়াইল) প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বাস করে। আগুন লাগলে এখানকার পরিস্থিতি কী ভয়াবহ হতে পারে, এখানে আসার পর তা বোঝা যায়। তাই ঢাকার নগর পরিকল্পনার সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।’জাতিসংঘের এই কর্মকর্তা গতকাল যে বস্তি ঘুরে দেখেছেন, সেখানে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ২০০৮ সালে দেশের ছয়টি বিভাগীয় শহরসহ ৩০টি জেলার প্রায় তিন লাখ হতদরিদ্র মানুষের জীবনের মানোন্নয়নে ‘দারিদ্র্য বিমোচনে নগর অংশীদারিত্ব’ শীর্ষক সাত বছর মেয়াদি যে প্রকল্প শুরু হয়, কড়াইল বস্তি এর একটি। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের ৪৭ একর, গণপূর্ত বিভাগের ৪০ একর এবং ডাক ও টেলিফোন বোর্ডের ১৩ একর—সব মিলিয়ে মহাখালীতে ১০০ একরজুড়ে থাকা ওই বস্তিতে প্রায় ২৪ হাজার ঘরে এক লাখ ২০ হাজার মানুষ বাস করে।