নগর পরিকল্পনায় হাঁটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাতায়াত পরিকল্পনায় হাঁটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। অগ্রাধিকার পাচ্ছে ব্যক্তিগত গাড়ির চলাচল। গাড়ির আধিক্যের কারণে শব্দদূষণ, বায়ুদূষণ, যানজট, ফুটপাত দখল, উষ্ণতা বৃদ্ধি, দুর্ঘটনাসহ নানা সমস্যার কারণে হেঁটে চলাচল করাটা দিন দিন কঠিন হয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের সামনে পায়ে দড়ি বেঁধে, মুখে অক্সিজেন মাস্ক পরে প্রতীকী কর্মসূচিতে রাজধানীর এ চালচিত্র তুলে ধরে চারটি বেসরকারি প্রতিষ্ঠান। এগুলো হলো: পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এবং ডব্লিউবিবি ট্রাস্ট। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সুস্বাস্থ্যের জন্য নগরে হাঁটার উপযোগী পরিবেশের দাবিতে প্রতিষ্ঠানগুলো সম্মিলিত অবস্থান কর্মসূচি পালন করে। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, নগরে মানুষের চাপ ক্রমবর্ধমান। পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের অভাবে উচ্চ রক্তচাপ, হূদরোগ, ডায়াবেটিস, মুটিয়ে যাওয়া ও অতিরিক্ত ওজনসহ ক্যানসারের ঝুঁকিও বাড়ছে। কিন্তু প্রতিদিন হেঁটে চলাচলের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। কর্মসূচিতে সৈয়দ মাহবুবুল আলম, মারুফ রহমান, ইবনুল সাঈদ, হাজি আনসার আলী, মোসাদ্দেক আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।