নগর বাঁচাতে প্রয়োজনে নতুন আইন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বিদ্যমান আইন ও নীতিমালা সংশোধন, প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। পরিবেশের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেশের অন্য শহরগুলোয় পর্যাপ্ত জলাধার ও উন্মুক্ত স্থান নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে ‘বসবাসযোগ্য নগরী: জলাধার-উন্মুক্ত স্থানের অপরিহার্য ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সারোয়ার জাহান বলেন, পানির অভাব ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলবে। বর্তমানে ঢাকায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে। পাঁচ বছর পর ওঠানোর মতো পানিও পাওয়া যাবে না। আলোচকরা বলেন, নগরে উন্মুুক্ত স্থান, উদ্যান ও খেলার মাঠ প্রয়োজন। কিন্তু ঢাকায় এসব সুবিধা ক্রমান্বয়ে ধ্বংস করা হয়েছে এবং এখনো ধ্বংসের প্রক্রিয়া অব্যাহত আছে। ঢাকার বৃহত্তর অংশে শিশুদের বিনোদনের সুযোগ নেই। শিশুরা চার দেয়ালে বন্দী। তারা বড় হচ্ছে কম্পিউটার আর ভিডিও গেমসের জগতে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ হচ্ছে না। মূল প্রবন্ধে সৈয়দ মাহবুবুল আলম বলেন, ঢাকা ওয়াসার হিসাব মতে একসময় ঢাকায় ৪৭টি খাল ছিল, এখন আছে মাত্র ২৬টি। সরকারি ও বেসরকারি উদ্যোগে বাকি খালগুলো ভরাট ও দখল করে রাস্তা, নর্দমা, বক্স কালভার্ট তৈরি করা হয়েছে। খাল রক্ষার নামে দুধার বাঁধাই করে খালকে নর্দমায় পরিণত করা হচ্ছে। ঢাকায় ১৯৮৫ সালে দুই হাজার পুকুর থাকলেও ১৯৮৯ সালে তা কমে দাঁড়ায় এক হাজার ২০০টিতে। বর্তমানে হাতেগোনা যে কয়েকটি পুকুর আছে, সেগুলোও অস্তিত্ব সংকটে। এ ছাড়া ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, সেগুলোও আজ দখল ও দূষণের শিকার। আয়োজকরা বলেন, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৪৭টি উদ্যানের মধ্যে হাতেগোনা কয়েকটির অস্তিত্ব আছে। যেগুলোর অস্তিত্ব আছে, সেগুলো পানির পাম্প, ব্যক্তিগত গাড়ি পার্কিং ও বিপণিবিতানসহ নানা কাজে ব্যবহূত হচ্ছে। বৈঠকে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনার প্রাণ হিসেবে কাজ করার কথা। কিন্তু মানুষের বিনোদন, সামাজিকতা, মানসিক ও শারীরিক বিকাশের সুবিধা নিশ্চিত করতে রাজউকের অনেক সীমাবদ্ধতা রয়েছে। ঢাকা শহরের মাত্র দুই শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। বাকি ৯৮ শতাংশ মানুষের গাড়ি নেই। অথচ ইমারত নির্মাণ বিধিমালায় প্রতিটি বাড়ি ও বিপণিবিতানে ব্যক্তিগত গাড়ি রাখার জন্য জায়গা রাখাতে বলা আছে, যা অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না।