নগরের দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য আন্তমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতা কাটিয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। এ উপলক্ষে স্বাস্থ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে মানুষ ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, ম্যালেরিয়া এবং অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়। স্বাস্থ্যসমস্যা মোকাবিলায় চিকিত্সাসেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পানি, পর্যাপ্ত খাদ্য সরবরাহ, পয়োনিষ্কাশন, প্রতিষেধক টিকা, পতঙ্গবাহিত রোগের কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় অনুযায়ী দায়দায়িত্ব স্থানীয় সরকারের ওপর যায়। তবে নগর স্বাস্থ্য ঠিক রাখতে গ্রামীণ স্বাস্থ্যের ওপর জোর দেওয়া প্রয়োজন। এ কারণেই বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ের প্রয়োজন।আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, সচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংভাদি সাঙ্খোবল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান ও বিএমএ মহাসচিব শারফুদ্দিন আহমেদ।এ ছাড়া দিবসটি উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য আন্দোলন। দিবসটি উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও জাগো ফাউন্ডেশন যৌথভাবে রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যমেলার আয়োজন করে। এতে পাঁচটি স্বাস্থ্যসেবা শিবিরের মাধ্যমে বিনা মূল্যে ছয় হাজারের বেশি মানুষকে রোগ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ঢাকা সিটি করপোরেশনের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধন করে। শোভাযাত্রা ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা বিতরণের মাধ্যমে দিবসটি পালন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) ও মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।