যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দল স্থানীয় শাসনব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। দলীয় প্রভাবের কারণে ঢাকার স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। আর এ কারণে নগরের মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত হয়। তাই ঢাকা নগরকে বাসযোগ্য করে তুলতে দরকার দলীয় প্রভাবমুক্ত শাসনব্যবস্থা। গতকাল বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘নগর পরিস্থিতি: ঢাকা মহাগরের শাসনপদ্ধতি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) এই গবেষণাটি পরিচালনা করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম সামদানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। গবেষণাটি গত বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত পরিচালনা করা হয়। গবেষণায় বলা হয়, ঢাকা মহানগরের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত সম্পদ নেই এবং নাগরিকদের সুবিধা দেওয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতার অভাব রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। আর তাই বিশৃঙ্খলা লেগেই থাকে। নগর শাসনপদ্ধতির ব্যাপক সংস্কারের পরামর্শ দেওয়া হয় গবেষণা প্রতিবেদনে। আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকায় একজন ওয়ার্ড কমিশনার যে বিশাল এলাকার দায়িত্বে থাকেন, সেই এলাকার মানুষের পরিষেবা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ঢাকাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত একটি তুঘলকি কাণ্ড হিসেবে বর্ণনা করেন হোসেন জিল্লুর। তাঁর মতে, এই সিদ্ধান্ত শুধু ভোগান্তিই বাড়াবে। পরিবহন সমস্যাকে ঢাকা মহানগরের প্রধান সমস্যা হিসেবে বর্ণনা করেন জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের ভালো পরিকল্পনাগুলো রাজনৈতিক সদিচ্ছার অভাবে অঙ্কুরেই শেষ হয়ে যায়।’ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাব্বত খান বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা যায় না। অনুষ্ঠানে আরেক আলোচক স্থপতি সাইফ উল হক বলেন, ‘ঢাকা পৃথিবীর অন্যতম বসবাসের অযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে। আমাদের সৌভাগ্য, এই শহরটি এখনো পরিত্যক্ত হয়ে ওঠেনি।’বুয়েটের অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, ‘বাইরের মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব নয়, এত প্রতিকূলতার মধ্যে কীভাবে ঢাকা শহরে মানুষ বাস করে। ঢাকার মানুষের এই সহনশীল আচরণ খুবই ইতিবাচক।’ অনুষ্ঠানে আরও আলোচনা করেন আইজিএসের পরিচালক রিজওয়ান খায়ের, কাবেরী গিল, ঈপ্সিতা বসু, শহিদুল ইসলাম, মঞ্জুর হাসান প্রমুখ।