নগরজুড়ে বর্ণাঢ্য আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মাতৃভাষা রক্ষার আন্দোলনে প্রাণ দিয়েছিল দেশের ছাত্র-জনতা। দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সোমবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান, শিশুদের ছবি আঁকা ইত্যাদি।কাল মঙ্গলবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় একুশ উদ্যাপনের জন্য দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ভাষাসৈনিক ও কবি-সাহিত্যিকদের সম্মাননা দেবে বেস্টওয়ে গ্রুপ। সকাল ১০টায় রমনা বটমূলে ভাষাসৈনিক আহমেদ রফিককে সংবর্ধনা দেবে পদাতিক নাট্য সংসদ। গতকাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রমুখ। এ ছাড়া শিল্পকলা একাডেমী, নজরুল একাডেমী, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, বাংলাদেশ শিশু একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইসলামিক ফাউন্ডেশন, নায়েম, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রুম টু রিড, আওয়ামী যুবলীগ, বাউল তরী, বাংলাদেশ মহিলা পরিষদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বালুঘাট উচ্চবিদ্যালয় একুশ উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাতৃভাষার অনুষ্ঠান: ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে বসুন্ধরা সিটি শপিং মলে এটিএন বাংলার স্টুডিওতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেনের রাষ্ট্রদূতসহ চীন, জাপান, ইউক্রেন ও বিশ্বের অন্যান্য দেশের নাগরিকেরা নিজ নিজ ভাষায় সংগীত পরিবেশন ও কবিতা পাঠ করেন। এথিকস ক্লাব ও স্কলারস বাংলাদেশ অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী, স্কলারস বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশে গতকাল পৃৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতির বাণী: রাষ্ট্রপতি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এখন বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাক—এটাই সবার প্রত্যাশা। প্রধানমন্ত্রীর বাণী: প্রধানমন্ত্রী বলেছেন, একুশ বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। একুশের সেই রক্তস্নাত গৌরবের সুর আজকের এই দিনটিতে বিশ্বের ১৮৯টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়। এরই মধ্যে আওয়ামী লীগের প্রচেষ্টায় ইউনেসকো এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিরোধীদলীয় নেতার বাণী: বিরোধীদলীয় নেতা বলেছেন, একুশের চেতনা ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়াতে আজও আমাদের উদ্বুদ্ধ করে।