নগরজুড়ে রিকশার নৈরাজ্য
রিকশা নিয়ে রীতিমতো নৈরাজ্য চলছে রাজধানীতে। ঢাকা সিটি করপোরেশন গত তিন বছরে নতুন কোনো রিকশার অনুমোদন দেয়নি। বিদ্যমান রিকশাগুলোর লাইসেন্স নবায়নও করেনি। এতে লাইসেন্সবিহীন পুরোনো রিকশা বেড়ে গিয়ে রাজধানীজুড়ে যানজট তীব্র হয়েছে। এসব রিকশার সঠিক সংখ্যাও জানে না কর্তৃপক্ষ। রিকশার মালিক সংগঠনগুলো বলছে, নৈরাজ্য ঠেকাতে তারা অনেক দিন ধরে আন্দোলন করলেও কাজের কাজ কিছু হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নতুন রিকশার অনুমোদন সর্বশেষ দিয়েছিল ১৯৮৬ সালে। এরপর আজ পর্যন্ত নতুন করে কোনো অনুমোদনপত্র দেওয়া হয়নি। প্রতিবছর এই অনুমোদনপত্র নবায়ন করার কথা থাকলেও গত তিন বছরে তা করা হয়নি।২৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত রিকশা মালিকদের সংগঠন ‘বাংলাদেশ রিকশা ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ’ রিকশার নতুন অনুমোদনপত্র ও তা নবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। সর্বশেষ এ বছরের ২৪ জুন তারা এই দাবিতে আন্দোলন করে। বাংলাদেশ রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান প্রথম আলোকে বলেন, বর্তমানে ঢাকায় তিন লাখের মতো রিকশা চলছে। প্রতিবছর অনুমোদনপত্র নবায়ন করার কথা থাকলেও তিন বছর ধরে তা করা হয়নি। তিনি জানান, নতুন করে রিকশার অনুমোদনপত্র দেওয়া হচ্ছে না। নকল অনুমোদনপত্র দিয়ে সিটি করপোরেশনের একশ্রেণীর চাকুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, অনেক রিকশায় কোনো ধরনের অনুমোদনপত্র নেই। অনেক রিকশাওয়ালা এ বিষয়ে কিছু জানেন না। রিকশার অনুমোদনপত্র কোথায় জানতে চাইলে গ্রীনরোডের রিকশাচালক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘এটা আমার কাজ নয়, মালিককে প্রশ্ন করেন।’ রিকশার তদারকির কাজ করে থাকে সিটি করপোরেশনের হুইল ট্যাক্স বিভাগ। রিকশার নতুন অনুমোদনপত্র নেওয়া ও এর নবায়ন করার বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের (দক্ষিণ) হুইল ট্যাক্স বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা সিটি করপোরেশনের হিসাবে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত প্রায় ৭৯ হাজার ৫০০ রিকশা আছে। গত তিন বছরে রিকশা নবায়ন না করার বিষয়ে তিনি বলেন, এটি প্রতিবছর করার কথা। কিন্তু আমাদের অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই সময়মতো এটি করা সম্ভব হয় না। ঢাকা সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা নকল নবায়নপত্র দিচ্ছেন এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যি কথা। কী বলব, সরষের মধ্যেই ভূত আছে!’ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রথম আলোকে জানান, বর্তমানে ঢাকায় কতগুলো রিকশা চলে সেই হিসাব তাদের কাছে নেই। নতুন করে অনুমোদনপত্র দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকার আপাতত নতুন করে কোনো অনুমোদনপত্র দেওয়ার চিন্তা করছে না।ঈদ সামনে রেখে রিকশা বেড়েছে: এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে রিকশা বেড়েছে। অনেক শ্রমিক ঈদের আগে বাড়তি উপার্জন করতে ঢাকায় এসেছেন রিকশা চালাতে। দিনাজপুর থেকে এসেছেন আলম মিয়া। তিনি বলেন, ‘মালিককে দৈনিক ৮০ টাকা দেওয়া লাগে। ঈদের আগে কিছু টাকা ইনকাম করি বউ-বাচ্চাদের নতুন কাপড় কিনমো, সেই জন্যে ঢাকাত আসচি। আবার ঈদের আগের দিন চলি যামো।’এখন প্রধান প্রধান সড়কগুলোতেও রিকশা ঢুকে পড়ছে। এজন্য উটকো যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। ট্রাফিক পুলিশকে রিকশা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। নগরের পান্থপথে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মজিবর রহমান জানান, ‘ঈদের আগে ঢাকায় রিকশা অনেক বেড়েছে। আমাদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।’ তিনি জানান, ‘আগে আমাদের যে দায়িত্ব পালন করতে হতো রিকশা ঠেকাতে এখন তার চেয়ে দ্বিগুণ কাজ করতে হচ্ছে।’অবৈধ রিকশার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঈদে ঢাকায় প্রতিবছর রিকশা বেড়ে যায়। এ সময় যানজটের অন্যতম কারণ এই রিকশা। অবৈধ রিকশা ঠেকাতে প্রতিদিনই অভিযান চলছে।