নগরবাসীকে নিরাপত্তা-সচেতন হওয়ার আহ্বান ডিএমপির
ছিনতাইকারী, মলম বা অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধীর অপরাধ দমনে নগরবাসীকে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই আহ্বান জানান।মনিরুল বলেন, প্রতিবছর রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বেচাকেনা, ব্যবসা-বাণিজ্য এবং অর্থের লেনদেন ও স্থানান্তর বেড়ে যায়। এ সময়ই চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টিরও উপদ্রব বাড়ে। এসব অপরাধ দমনে নগরবাসীকেই সচেতন হতে হবে। এ ক্ষেত্রে কেউ এ ধরনের অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাতে হবে। এর জন্য পুলিশের পক্ষ থেকে কিছু নম্বরও (হটলাইন) দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কারোর অথবা মলম পার্টির সদস্যের অবস্থান সম্পর্কে ওই ফোন নম্বরগুলোতে ফোন করে পুলিশকে তথ্য দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে। তথ্য জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।মনিরুল ইসলাম বলেন, যেকোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের ধরতে ডিএমপি এর আগেও উল্লেখযোগ্য ব্যবস্থা নিয়েছে। এ কারণে চাঁদাবাজির মতো অপরাধ অনেকটা কমেও এসেছে। এ বছর শপিং মলে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে কিছু নীরব চাঁদাবাজি হচ্ছে। এগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।এদিকে প্রেস ব্রিফিংয়ের পর ডিএমপির পক্ষ থেকে লিখিতভাবে নগরবাসীর প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ছিনতাইকারী, মলম পার্টিসহ বিভিন্ন অপরাধীর অপরাধ দমনে বিপণিবিতানগুলোতে যাওয়ার সময় দামি অলংকার ব্যবহার থেকে বিরত থাকা, অপরিচিত কারও সঙ্গে গাড়ি ভাড়া না করা, ফাঁকা বা নির্জন কোনো সড়ক বা স্থানে একাকী চলাফেরা না করা, যানজটে পড়লে গাড়ির জানালা বন্ধ রাখা, অপরিচিত কারও খাবার না খাওয়া, ফুটপাতের খাবার না খাওয়াসহ নগরবাসীকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে তিনটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো, ০১৭১৩৩৯৮৩২৬-৯, ০১১৯১০০১১০০ ও ০১১৯১০০১১১১।