নগরে বৃষ্টি ঝরছে, দুর্ভোগও বাড়ছে
রাজধানীতে টানা বৃষ্টিতে নাগরিক জীবনে দুর্ভোগ অব্যাহত আছে। গতকাল মঙ্গলবারের পরিমাণে কিছুটা কম হলেও আজ বুধবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে। আবহাওয়া অধিদপ্তর আজও বলছে, এই বৃষ্টি আরও কয়েক দিন চলতে পারে।
গতকাল বিকেলের পর থেকে রাজধানীতে বৃষ্টি কমলেও রাত ১২টার পর থেকে আবার শুরু হয় বৃষ্টি। টিপটিপ বৃষ্টি ঝরছে এখনো। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে গতকাল রাত ১২টার পর থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ায় মৌসুমি বায়ুর প্রভাব অনেক বেশি। সে জন্য এই বৃষ্টি আরও কয়েক দিন চলার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে রাজধানীর শান্তিনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মালিবাগ, ধানমন্ডি হকার্স মার্কেট, নাজিম উদ্দীন রোড, হাজারীবাগ, গ্রিন রোড ও আগারগাঁওসহ বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমেছে। যেসব এলাকা কিছুটা নিচু সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ওয়াসার উন্নয়নকাজ চলার কারণে রাস্তা কাটা হয়েছে। আর তাতে ওইসব এলাকার গর্তগুলোতেও কাদাপানি জমে একাকার হয়ে গেছে। ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, টানা বৃষ্টিতে তাঁরাও বিপাকে পড়েছেন। এতে তাঁদের কাজও ব্যাহত হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়নকাজ করা যাচ্ছে না বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।

এদিকে, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে চিরচেনা সেই যানজটও। বাসের জন্য অনেককে দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাস্তায় কাদাপানি থাকার কারণে অনেককে প্যান্ট গুটিয়ে পথ চলতে হচ্ছে। তবে এই বৃষ্টিতে উপরি কিছু লাভ হয়েছে রিকশা বা ভ্যানচালকদের। পাড়া-মহল্লার রাস্তায় কাদা ও পানি থাকার কারণে মানুষকে পথ চলতে রিকশার দ্বারস্থ হতে হচ্ছে। আর এই সুযোগে ভাড়াও দ্বিগুণ হাঁকাচ্ছেন রিকশাচালকেরা। গ্রিন রোড থেকে ফার্মগেটের ভাড়া সাধারণত ১৫-২০ টাকা হলেও আজ বৃষ্টির অজুহাতে ৩০-৪০ টাকা হাঁকাচ্ছেন রিকশাচালকেরা। বসুন্ধরা সিটির পেছন থেকে মিরপুরের কাজীপাড়ার ভাড়া ৬০-৭০ টাকা। আজ এক রিকশাচালক ভাড়া চাইলেন ২০০ টাকা। যাত্রী প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে রিকশাচালক বললেন, ‘গেলে আসেন, না গেলে নাই।’
মানুষের এমন সব দুর্ভোগের পাশাপাশি বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে খেত নষ্ট হয়ে গেছে। এতে সরবরাহ কম। দামও বাড়তি।

তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাস্তার ওপর থাকা ছিন্নমূল মানুষ। রাস্তার ওপর তাঁরা যে ঘর পেতে থাকতেন গতকাল থেকে টানা বৃষ্টিতে তাঁরা সেখানে ঘুমাতে পারেননি। কেউ কেউ বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিয়েছেন। এমনই একজন কারওয়ান বাজার এলাকার শ্রমিক মন্নু মিয়া। রাস্তার পাশে ফুটপাতে তিনি তাঁর বড় ডালির ওপর ঘুমান। গতকাল থেকে আর সেখানে ঘুমাতে পারেননি। এক ভবনের নিচে কিছুক্ষণ আশ্রয় নিয়েছিলেন। পরে নিরাপত্তা কর্মী তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে আরেক দোকানের নিচে আশ্রয় নেন।