রাজধানীতে গত বুধবার পৃথক ঘটনায় একজন গৃহবধূসহ দুজন মারা গেছেন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই দিনই শাহ আলী থানা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাইশটেকের একটি বাসা থেকে আনিছা খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। কামরাঙ্গীরচর থানার এসআই শওকত আকবর বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে রসুলপুর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন আবু সুফিয়ান (১৮) নামে এক কিশোর। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। বিষপানের প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শাহ আলী থানার সেকেন্ড অফিসার অশোক চৌহান বলেন, একই দিন বেলা দুইটার দিকে শাহ আলী মাজারের পূর্ব পাশের একটি পুকুর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।