নগরে তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে রমনা থানার কাকরাইল এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়। একই দিন বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দুজন। সবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, গতকাল সকাল ১০টার দিকে কাকরাইলের চার্চ ক্রসিং-সংলগ্ন ফুটপাত থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে কালো প্রিন্টের সালোয়ার-কামিজ ও হলুদ ওড়না ছিল। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার সকালে বাড্ডা থানা এলাকার সাঁতারকুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আছিয়া বেগম (২২) নামের এক নারী। এ ঘটনার ছয় ঘণ্টা পর একই থানায় এলাকার নতুন বাজারসংলগ্ন জি ব্লকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (২২) নামের এক নির্মাণশ্রমিক মারা যান। হাজতির মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাফিজুর রহমান (৫৫) নামের বরিশাল কারাগারের এক হাজতি মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। বাবার নাম আবদুল করিম।