নগরে দিনদুপুরে ছিনতাই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
রাজধানীতে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও ভূমি নিবন্ধন কমপ্লেক্সের ফটকে শত শত মানুষের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইকারীদের গুলিতে মো. মোতালেব (২৮) নামের এক অটোরিকশাচালক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী এক ডাববিক্রেতা প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি মাইক্রোবাস এসে থামে ভূমি নিবন্ধন কমপ্লেক্সের ফটকে। এ সময় দুই যুবক কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাইক্রোবাসের দিকে এগিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা গুলি করার হুমকি দেন। তাঁরা মাইক্রোবাসের আরোহীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে চলে যান।আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক ছিল। মোটরসাইকেলগুলো একটু দূরেই রাখা হয়েছিল।মাইক্রোবাসের আরোহীদের একজন মো. আবদুল্লাহ বলেন, তাঁরা একটি জমির নিবন্ধন করাতে জমির মালিকসহ ভাড়া করা মাইক্রোবাসে তেজগাঁওয়ে আসেন। গাড়িটি থামার পর জমির মালিক দরজা খুলে নামামাত্রই দুই যুবক অস্ত্র তাক করে টাকার ব্যাগ চান। একই সঙ্গে কয়েকটি ফাঁকা গুলি করেন। অস্ত্রের মুখে তাঁরা গাড়িতে থাকা একটি ব্যাগ দিয়ে দেন। আব্দুল্লাহ বলেন, যে ব্যাগটি ছিনতাইকারীদের দেওয়া হয়, তাতে কোনো টাকা ছিল না, ছিল জামা-কাপড় ও এক জোড়া জুতা। তিনি বলেন, তাঁরা গতকাল নগদ সাড়ে পাঁচ লাখ টাকা বহন করছিলেন।মাইক্রোবাসের চালক মনির হোসেন বলেন, তাঁর ধারণা ছিনতাইকারীরা তাঁর গাড়িটিকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করছিল।আহত অটোরিকশার চালক মো. মোতালেব বলেন, তিনি ভাড়ার অপেক্ষায় নিবন্ধন কমপ্লেক্সের ফটকে অপেক্ষা করছিলেন। হঠাৎ তাঁর পায়ের পাতায় একটি গুলি লাগে।জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরউদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।