নগরে দুই যুবক খুন দুজনের অপমৃত্যু
রাজধানীতে গতকাল পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। তাঁদের মধ্যে মালিবাগে আহত মোক্তার হোসেন (২৮) গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হাত-পা বাঁধা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় আরেকজনের লাশ পুলিশ খিলক্ষেতের একটি বাসা থেকে উদ্ধার করে। এ ছাড়া পৃথক ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে মালিবাগ মোড় থেকে আহত অবস্থায় মোক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, মোক্তারের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন ছিলেন। তাঁর পকেটে হাজার বিশেক টাকা ও মুঠোফোন অক্ষত থাকায় ঘটনাকে ছিনতাইকারীর হামলা বলে তাঁরা মনে করছেন না। তাঁদের ধারণা, পরিচিত কেউ তাঁকে আহত করে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মোক্তার শান্তিনগর বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকতেন। গ্রামের বাড়ি শেরপুরে। বাবা আবদুর রশিদ।এদিকে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জের একটি বাড়ির সাততলার দরজা ভেঙে অজ্ঞাতনামা যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত ও হাত-পা বাঁধা ছিল।খিলক্ষেত থানার এসআই সেলিম আকন্দ বলেন, বাড়ির তত্ত্বাবধায়ক তোফাজ্জল হক পুলিশকে জানান, গত ডিসেম্বরে তিনজন লোক বাসাটি ভাড়া নেন। ২৭ জানুয়ারি তাঁরা বাসায় এসে আবার চলে যান। এরপর তাঁদের আর কোনো খোঁজ নেই।এ ছাড়া কদমতলীতে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ বর্ণা (২০) নামের একজন পোশাকশ্রমিক মারা যান। কদমতলী এলাকায় পোশাকশিল্প প্রতিষ্ঠানে রাত্রিকালীন কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। বাবা বাবুল সরদার। একই দিন রাতে উত্তরা এলাকায় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক মারা যান।