নগরে পানির সংকট চলছেই
গত কয়েক দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও পানি সরবরাহ স্বাভাবিক হয়নি রাজধানীর অনেক এলাকায়। তবে ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিস্থিতিকে ‘বিক্ষিপ্ত সমস্যা’ বলেছেন। তাঁদের দাবি, এখন রাজধানীতে পানির সমস্যা নেই। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, সমস্যার সুরাহা হয়নি এখনো।মিরপুর ৬ নম্বর সেকশনের বি-ব্লক থেকে কয়েকজন গ্রাহক গতকাল রোববার সন্ধ্যায় জানান, ২৪ ঘণ্টায় একবারও ট্যাংকিতে ওঠানোর মতো পানি আসছে না ওয়াসার লাইন দিয়ে। বিদ্যুৎসংকটের জন্য এই সমস্যা হয়েছিল বলে তাঁরা প্রথমে মেনে নিয়েছিলেন। কিন্তু গত কয়েক দিনে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির পরও এই সমস্যা কেন হচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না।উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রাস্তার একজন বাসিন্দা গতকাল সন্ধ্যায় বলেন, ওয়াসার লাইন থেকে যে গতিতে পানি আসছে, তাতে সারা দিনেও এক ট্যাংকি পানি হয় না। তা ছাড়া, যে পানি আসছে, তাও খুব নোংরা। খাওয়ার জন্য চার-পাঁচ দিন ধরে পানি কিনতে হচ্ছে।উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রাস্তার একজন বাসিন্দা গতকাল সন্ধ্যায় জানান, তিনি পানি পাওয়ার একটি উপায় খুঁজে পেয়েছেন। ওয়াসার কয়েকজন কর্মচারী তাঁকে পরামর্শ দিয়েছেন কিছু টাকা খরচ করে আরেকটি লাইন নেওয়ার। তাঁরাই ব্যবস্থা করে দেবেন বলেছেন। আর আপাতত তাঁরা রাস্তায় পানি আসার লাইনের চাবি ঘুরিয়ে, অর্থাৎ অন্যদিকের পানিপ্রবাহ বন্ধ করে তাঁর রাস্তায় দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এতেও কিছু খরচ হবে। তিনি বলেন, ‘ওই কর্মচারীদের কাছে শুনেছি, অনেকেই এই ব্যবস্থা করেছেন। এখন আমারও করতে হবে। পানির কষ্ট তো আর বেশি দিন সহ্য করা সম্ভব নয়।’শ্যামলীর খিলজি রোডের প্যারাডাইজ অ্যাপার্টমেন্টের একজন বাসিন্দা জানান, গত চার-পাঁচ দিনেও পানি সরবরাহের কোনো উন্নতি হয়নি। রমজানের আগে যে রকম পানি পাওয়া যেত, এখন পাওয়া যায় তার চার ভাগের একভাগ।ঢাকা ওয়াসা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুতের জন্য প্রথম ও দ্বিতীয় রমজানে কোথাও কোথাও পানির কিছুটা সমস্যা হয়েছিল। তবে এই মুহূর্তে নগরের কোথাও পানির সমস্যা নেই। রমজানে পানি সরবরাহের যে বিশেষ কার্যক্রম ওয়াসা নিয়েছিল, তা অব্যাহত আছে।