নগরে শিশু গৃহপরিচারিকাসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় রুমানা (১১) নামের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ডেমরায় বিস্ফোরণে ইকবাল হোসেন নামের এক শ্রমিক মারা গেছেন। এ ছাড়া রাজধানীতে আরও তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার দিকে পুলিশ সতীশ সরকার রোডের ৬৩/২ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রুমানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। স্বজনদের দাবি, রুমানাকে হত্যার পর তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশটি জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।রুমানার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার পূর্ব মির্জাচর গ্রামে।রুমানার খালা মরিয়ম বেগম বলেন, রুমানা ফাঁস দিয়ে আত্মহত্যা করলে কক্ষের দরজা-জানালা বন্ধ থাকত। কিন্তু গতকাল ঘটনাস্থলে গিয়ে তিনি দরজা-জানালা খোলা দেখেছেন। গেন্ডারিয়া থানার অপারেশন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গৃহবধূর মৃত্যু: গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পুলিশ রাজনারায়ণ ধর রোডের ২২ নম্বর বাসা থেকে তানিয়া (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি প্রাথমিকভাবে শুনেছেন। ঘটনার পর গৃহবধূর স্বজনেরা তখনো কেউ থানায় আসেনি। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাস থেকে লাশ উদ্ধার: গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সায়েদাবাস বাস টার্মিনালের মামুন এন্টারপ্রাইজ নামের ঢাকা-সিলেট রুটের একটি বাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।শ্রমিকের মৃত্যু: গত বুধবার বিকেলে পুলিশ কোনাপাড়া এলাকার আল-আকসা রি-রোলিং মিল থেকে ইকবাল হোসেন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ইকবাল কারখানায় পুরোনো লোহার মালামাল গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ধারণা করছেন, পুরোনো লোহার মধ্যে এমন কোনো পদার্থ ছিল, যা আগুনের তাপে বিস্ফোরিত হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার চন্দ্রাপুর গ্রামে। বিষপানে আত্মহত্যা: গত বুধবার বিকেলে তানিয়া (২৬) নামের এক গৃহবধূ অসুস্থ হলে স্বজনেরা তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।জানা গেছে, তানিয়ার স্বামীর নাম মনির হোসেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নজরপুর উপজেলায়। তিনি স্বামীর সঙ্গে পুরান ঢাকার ইসলামবাগে জসিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষপানে তানিয়ার মৃত্যু হয়েছে।