নগরে ‘চক্রাকার’ পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বিদ্যু ৎ সংকট নেই। নিয়মিত বৃষ্টি-বাদলে গরমও কম। প্রকৃতি অনেকটাই শান্ত। কিন্তু নগরবাসীর পানির সমস্যা যাচ্ছে না। আজ এখানে তো কাল ওখানে। পরশু আরেক জায়গায়। এভাবে নগরে ‘চক্রাকারে’ চলছে পানির সমস্যা।এর মধ্যে কোনো কোনো এলাকায় শুধু যে পানির সরবরাহ কম তা-ই নয়, মানও খুব খারাপ। পানিতে নানা ধরনের বর্জ্য-আবর্জনা, কীট-পতঙ্গও পাওয়া যাচ্ছে। কোথাও আবার এই ভরা বর্ষায়ও পানিতে এমন দুর্গন্ধ যে তা কোনো কাজেই ব্যবহার করা যায় না। নগরের ওয়ারী এলাকার র‌্যাংকিন স্ট্রিট থেকে মাকসুদ আলী প্রথম আলোকে বলেন, এই ভরা বর্ষায়ও যে ওয়াসার পানিতে এত ময়লা-আবর্জনা, পোকা-মাকড় থাকতে পারে, তা না দেখলে বিশ্বাসই করা যায় না। মাঝেমধ্যে এমন পানি আসে, যা টয়লেটে ব্যবহার করতেও মন চায় না। লারমিনি স্ট্রিটের একজন গ্রাহক জানান, তাঁদের অনেক দিন ধরে খাওয়ার পানি কিনে নিতে হচ্ছে। ওয়াসার সরবরাহ করা পানি গোসলের কাজেও ব্যবহার করা মাঝেমধ্যে কঠিন হয়ে যায়। আর পানির সরবরাহও স্বাভাবিক নয়।নগরের কেন্দ্রস্থল নয়াপল্টন থেকে একাধিক গ্রাহক জানান, তাঁদের এলাকায় শুকনো মৌসুমে তো পানির অবস্থা ব্যবহারের অনুপযোগীই ছিল। এখনো প্রতিদিনই ময়লা পানি আসে। এক দিনও পরিষ্কার পানি পাওয়া না। পানির সরবরাহও অন্য সময়ের তুলনায় কম। মিরপুর ৬ নম্বর সেকশনের একাধিক ব্লকের কয়েকজন বাসিন্দা বলেন, তাঁদের এলাকায় ওয়াসার পানি সরবরাহ খুব কমে গেছে। আজ যে রাস্তায় পানির সরবরাহ স্বাভাবিক, আগামীকাল সেখানে পানি থাকে না। আবার আগামীকাল যে রাস্তায় পানি থাকবে, পরশু সেখানে পানি প্রায় পাওয়াই যায় না।ওই বাসিন্দারা জানান, ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, পানির কোনো সমস্যা নেই। তার পরও পানি না পেলে আরেকটি লাইন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ শুনে যাঁরা দুটি লাইন নিয়েছেন, তাঁরা পানি পাচ্ছেন। অন্যরা খুবই সমস্যায় আছেন। বিশেষ করে, রমজান মাসে মিরপুরে কখনোই পানির স্বাভাবিক সরবরাহ পাওয়া যায়নি।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওয়াসার একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী অবৈধ অর্থের বিনিময়ে পানির লাইনের চাবি নিয়ন্ত্রণ করে বিভিন্ন এলাকায় পানির সরবরাহ নিয়ন্ত্রণ করেন। তাঁরা যাঁদের কাছ থেকে টাকা নেন, তাঁদের এলাকায় পানি দেন। ফলে অন্যরা বঞ্চিত ও দুর্ভোগের শিকার হচ্ছেন।