বাংলাদেশে শহরাঞ্চলে বসবাসরত প্রায় ৯৭ দশমিক ৭ শতাংশ শিশু সিসাদূষণজনিত ঝুঁকিতে রয়েছে। আর নগরের জনসংখ্যার প্রায় ৯৩ দশমিক ৭ শতাংশ মানুষ সিসাদূষণের শিকার। ক্রমবর্ধমান নগরায়ণের ফলে গ্রামাঞ্চলেও সিসাদূষণের মাত্রা বেড়ে গেছে। গতকাল রোববার এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) এক কর্মশালায় এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন এসডোর মহাসচিব ও প্রধান গবেষক হোসেন শাহরিয়ার। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সিসাদূষণের প্রধান শিকার শিশু ও বয়স্করা। শিশুদের বাড়ন্ত শরীর খুব সহজেই সিসা গ্রহণ করে। এর ফলে শিশুদের স্বাভাবিক গঠন ব্যাহত, আচরণগত সমস্যা ও কানে শুনতে সমস্যা হয়। সিসা প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই প্রজনন সমস্যা সৃষ্টির জন্য দায়ী। সামগ্রিক পরিবেশের ওপরও এর ক্ষতিকর প্রভাব আছে। রঙে সিসার উপস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উৎপাদিত ও ব্যবহূত প্রায় সব ধরনের রঙে সহনীয় মাত্রার চেয়ে ক্ষতিকর সিসা আছে। মোট জনসংখ্যার ৭৭ শতাংশেরও বেশি মানুষ সিসাদূষণ-সংক্রান্ত নানাবিধ জটিলতায় আক্রান্ত। গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৭ হাজার ২২০ মেট্রিক টন রং উৎপাদন করা হয়। দেশে ব্যবহূত সব ধরনের রঙের প্রায় ৯৮ শতাংশে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত সিসা আছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন এসডোর চেয়ারপারসন মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।