নগরের সংকট কাটাতে জাতীয় পরিকল্পনা প্রণয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মানুষ বাড়ছে, গড়ে উঠছে নতুন নতুন শহর। ইউনেসকো প্রকাশিত ‘বাংলাদেশের নগরকেন্দ্র: প্রবণতা, ধরন ও বৈশিষ্ট্য’ নামের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭৪ সালে শহুরে এলাকার সংখ্যা ছিল ১০৮। এ সংখ্যা ১৯৯১ সালে বেড়ে দাঁড়ায় ৫২২-এ। বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনডিকেটরস ২০০৯’-এর সূত্রে জানা যায়, ১৯৯০ সালে দেশের ২০ শতাংশ মানুষ শহরে বাস করত। ২০০৭ সালে তা বেড়ে হয় ২৭ শতাংশ। বছরে বাড়ার হার ৩ দশমিক ৭ শতাংশ। এই হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। কিন্তু নতুন শহর গড়ে উঠলেও অপরিকল্পিত উন্নয়নের কারণে শহুরে মানুষের জীবন এখন নানা সংকটের মুখে। ছোট ও মাঝারি শহরগুলোর পরিকল্পিত উন্নয়নও জরুরি। কৃষিজমির পরিমাণ কমছে, তাই গ্রামের জন্যও পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রাম ও শহরের সুষম উন্নয়ন ঘটিয়ে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা দরকার।সরকারের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও অর্থনীতিবিদেরা তাগিদ দিলেন নগরাঞ্চলের বর্তমান সংকট উত্তরণে জাতীয় পর্যায়ে একটি ভৌত পরিকল্পনার। এই পরিকল্পনা ঠিক করবে কোথায় হবে শহর, কোথায় গড়ে উঠবে শিল্পাঞ্চল। এই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দরকার। এর জন্য সরকারকে কঠোর হতে হবে।গতকাল বৃহস্পতিবার বিশ্ব নগর পরিকল্পনা দিবসের আলোচনায় এসব প্রস্তাব করা হয়। সকালে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে এই আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, বাংলাদেশে অনেক পরিকল্পনাবিদ আছেন, কিন্তু নেই পরিকল্পনা। পরিকল্পনা হলেও এর বাস্তবায়ন হয় না। মন্ত্রী বললেন, ‘ঐতিহাসিকভাবে আমরা বিশৃঙ্খলা পেয়েছি। একের পর এক বস্তি নির্মাণ এবং অপরিকল্পিত শিল্পায়ন—এই দুটি আমাদের নগরের বড় সমস্যা।’ তাঁর মতে, এ সমস্যা উত্তরণে সঠিক পরিকল্পনা করতে হবে এখনই। নইলে শহরগুলো আবর্জনার ভাগাড়ে পরিণত হবে।এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য ছিল ‘পরিকল্পিত নগর, সুষম উন্নয়ন’। অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের অর্থনীতিতে বিপরীতমুখী নানা সূচক রয়েছে। আমাদের প্রবৃদ্ধির সূচক বেশ আশাব্যঞ্জক, কিন্তু বাসযোগ্যতার নিরিখে ঢাকা পৃথিবীর সবচেয়ে নিচের স্থানে রয়েছে।নগর পরিকল্পনায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করার দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। এ জন্য পরিকল্পনার ক্ষেত্রে নতুন ভাবনা দরকার বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। সভার আলোচক নগর পরিকল্পনাবিদ ড. রহমতউল্লাহর মতে, উন্নয়নকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আর প্রতিটি পরিকল্পনায় যুক্ত করতে হবে সাধারণ মানুষকে, যাদের জন্য উন্নয়ন। দেশে ভৌত অবকাঠামো নির্মাণে কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন রহমতউল্লাহ। বিআইপি সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিআইপি সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন। দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রার আয়োজন করে বিআইপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।