ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার ১২টি অস্থায়ী পশুর হাট বসানোর সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি হাটে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পশুচিকিৎসক নিয়োজিত থাকবেন এবং পশুস্বাস্থ্য পরিদর্শকদের একটি ভ্রাম্যমাণ দল বিভিন্ন হাট পরিদর্শন করবে।ইতিমধ্যে ডিসিসি উন্মুক্ত দরপত্রে নগরের নয়টি অস্থায়ী পশুর হাটের ইজারাপ্রক্রিয়া শেষ করেছে। আজ বুধবার বাকি তিনটি হাটের দরপত্রের প্রক্রিয়া শেষ করা হবে। অন্যদিকে নগরের পশুর হাটকে কেন্দ্র করে কাল ১১ নভেম্বর বৃহস্পতিবার থেকে ১৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত একযোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও পরিচালিত হবে।অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ডিসিসির সংশ্লিষ্ট সব আঞ্চলিক কার্যালয়ে এ ব্যাপারে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এবারও সব পশুর ক্ষেত্রে প্রতিবারের মতো একই হারে শতকরা পাঁচ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। কেউ যদি অতিরিক্ত হাসিল আদায় করে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবেন।ভ্রাম্যমাণ আদালত: ডিসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অস্থায়ী ১২টি পশুর হাটের জন্য ডিসিসি দুটি ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে। আগামীকাল থেকে দিনে ও রাতে এই আদালতের কার্যক্রম চলবে। এর সঙ্গে প্রতিটি হাটেই ৪০ সদস্যের পুলিশের সমন্বয়ে ১০টি পরিদর্শক দলও কাজ করবে।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কোনো সড়ক আটকে পথচারী ও যানচলাচল বন্ধ করে পশুর হাট বসানো যাবে না, অতিরিক্ত হাসিল আদায় করা যাবে না এবং ডিসিসির অনুমোদন ছাড়া কোনো হাট বসানো যাবে না। ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই নিয়ম ভঙ্গ করলে ডিসিসি আইন ১৯৮৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৭৬-এর ৭১ ধারায় পুলিশও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এসব অপরাধের জন্য ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।আজ তিনটি হাটের ইজারা: আজ বুধবার নগরের তিনটি অস্থায়ী হাটের জন্য পুনর্দরপত্র অনুষ্ঠিত হবে। এই হাটগুলো হচ্ছে জিগাতলা হাজারীবাগ মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা। এর মধ্যে বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং পূর্বাচলের খালি জায়গার জন্য একটিও দরপত্র জমা না পড়ায় পুনর্দরপত্র অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া গতবারের চেয়ে এবার জিগাতলা হাজারীবাগ মাঠের দরপত্র কম হওয়ায় এটিরও পুনর্দরপত্র আহ্বান করা হয়েছে।পশুচিকিৎসক থাকবেন: ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অ্যানথ্রাক্সের কোনো আতঙ্ক এখন নেই। কোথাও অ্যানথ্রাক্সের কোনো খবরও পাওয়া যায়নি। তার পরও সর্বোচ্চ সতর্কতার জন্য প্রতিটি হাটে পশুচিকিৎসক নিয়োগ করা হচ্ছে। হাটের কোনো পশুর স্বাস্থ্য দেখে যদি ক্রেতা-বিক্রেতার সন্দেহ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে পশুচিকিৎসককে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।গরুর হাটের ইজারা তত্ত্বাবধান করে ডিসিসির সম্পত্তি বিভাগ। তবে পশুচিকিৎসকেরা স্বাস্থ্য ও ভেটেরিনারি বিভাগের অন্তর্ভুক্ত। এ জন্য এই বিভাগের সঙ্গে সমন্বয় করে ১০ জন পশুচিকিৎসককে হাটের পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া ১০টি পরিদর্শক দলেও বিশেষজ্ঞ পশুচিকিৎসকেরা দায়িত্ব পালন করবেন।দুই কোটি টাকা বেশি: গতবার ১২টি অস্থায়ী পশুর হাট থেকে ডিসিসির আয় হয়েছিল দুই কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৭৭৭ টাকা। এবার ১০টি হাটের জন্য এ পর্যন্ত পাওয়া দরপত্রে চার কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৫১১ টাকা আয় হয়েছে। তবে সবচেয়ে বড় অসামঞ্জস্যের ঘটনা ঘটেছে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গার হাট নিয়ে। এই হাট গতবার ৭৭ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। এবার এই হাটের জন্য একটিও দরপত্র জমা পড়েনি। ডিসিসির কর্মকর্তারা বলেন, এ জন্যই এই হাটের দরপত্র আবার আহ্বান করা হয়েছে।