নটর ডেম কলেজে ভর্তি ঢাকা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে গত ১০ মে ঢাকা বোর্ডের জারি করা ভর্তি বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে জারি করা ওই বিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষাসচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, একই বোর্ডের কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।নটর ডেম কলেজে চলতি বছর ভর্তি হতে ইচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কদম আলী মল্লিক রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুলও জারি করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী তানিম হোসেইন শাওন।পরে তানিম হোসেইন প্রথম আলোকে বলেন, নটর ডেম কলেজের ক্ষেত্রে ঢাকা বোর্ডের ওই ভর্তি বিজ্ঞপ্তির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে নটর ডেম কলেজ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নেওয়ার স্বাধীনতা পেল। গত ১০ মের বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। এসএসসি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কলেজ নির্ধারণ করে দেবে ঢাকা বোর্ড।