নটর ডেম কলেজে শুরু হয়েছে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নটর ডেম কলেজে শুরু হয়েছে ‘ট্রাস্ট ব্যাংক-নটর ডেম কলেজ জাতীয় বিজ্ঞান উৎসব ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’। গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।এবারের উৎসবে ঢাকা নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কলেজ পর্যায়ে ৮০টি এবং স্কুল পর্যায়ের ১১০টি দল অংশ নিচ্ছে। উৎসবে থাকছে খুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনীসহ গণিত, রসায়ন, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার অলিম্পিয়াড। এ ছাড়া ওয়েব ডিজাইনিং, ডিজিটাল পোস্টার, সুডোকু এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতারও আয়োজন আছে। ট্রাস্ট ব্যাংকের সহায়তায় নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাব ওই উৎসবের আয়োজন করেছে।গতকাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ বড়ুয়া খুদে বিজ্ঞানীদের প্রকল্পগুলো পরিদর্শন করে তাতে বিনিয়োগ করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি উৎসবে অংশ নেওয়া খুদে বিজ্ঞানীদের ‘বিজ্ঞানের ভবিষ্যৎ কর্ণধার’ উল্লেখ করে বলেন, ‘বিশ্বব্যাপী জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের বিজ্ঞানচর্চা আরও জোরদার করতে হবে।’ তিনি আরও বলেন, এ ধরনের বিজ্ঞান উৎসব মেধাবী প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তা বলেন, বিজ্ঞানের শিক্ষার্থী দিন দিন কমে যাচ্ছে, এটি আশঙ্কাজনক। তিনি বলেন, বিজ্ঞানকে জনপ্রিয় করতে না পারলে পিছিয়ে পড়বে দেশ। বিজ্ঞানকে জনপ্রিয় করতে বেসরকারি এ ধরনের উদ্যোগের পাশাপাশি সরকারেরও অনেক কিছু করতে হবে।উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার শুরু হবে উৎসবের মূল আকর্ষণ খুদে বিজ্ঞানীদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকল্প প্রদর্শনী।