নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সভাপতি এ কে আজাদকে গতকাল ফুল দিয়ে অভিনন্দন জানান বিদায়ী সভাপতি রকীবউদ্দীন আহমেদ l প্রথম আলো
নতুন সভাপতি এ কে আজাদকে গতকাল ফুল দিয়ে অভিনন্দন জানান বিদায়ী সভাপতি রকীবউদ্দীন আহমেদ l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাইয়ের জন্য নির্ধারিত তলায় সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে।
গত শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভায় ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা অপরিসীম। এই ভূমিকাকে আরও কার্যকর ও গতিশীল করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি রকীবউদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালিত বৃত্তি ও নিয়মিত কার্যক্রমগুলো নতুন কমিটি চালিয়ে যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ প্রবর্তন করা যায় কি না, সেটাও তারা দেখবে।
এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন, আশির দশকে বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যা ছিল, এখন সেই সমস্যা আরও তীব্র। বিশেষ করে আবাসন সমস্যা। প্রশাসন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিভাগের চেয়ারম্যানদের নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধান করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে। অনুষ্ঠানে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইন, সাবেক কমিটির মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান, নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ বক্তব্য দেন।