সর্বশেষ জনসংখ্যার শুমারি অনুযায়ী সমসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ডগুলোর নতুন সীমানা নির্ধারণ করে আসন্ন ডিসিসির নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধান নির্বাচন কমিশনার, ডিসিসির মেয়র ও ঢাকার জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা (খিলক্ষেত) ব্যবসায়ী শামীম মোল্লার করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জাকির হোসেন ও মো. আলগমীর হোসেন। জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সর্বশেষ আদমশুমারি অনুয়ায়ী সমসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে ডিসিসির ওয়ার্ডগুলোর নতুন সীমানা নির্ধারণ করে নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। ২০০৯ সালের ১৫ অক্টোবর সিটি করপোরেশন আইনের ২৭ (২) ধারায় এ বিষয়ে বলা আছে। এ আইনের বাস্তবায়ন চেয়ে রিটটি দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। ঢাকা সিটি করপোরেশনের বর্তমান ৯০টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয় ১৯৯৩ সালে। সর্বশেষ আদমশুমারি হয় ২০০১ সালে। বর্তমানে ওয়ার্ডগুলোর মধ্যে ভোটার ও জনসংখ্যার ব্যবধান অনেক বেশি। কোনো ওয়ার্ডে ভোটার ১০ হাজার, কোনো ওয়ার্ডে এক লাখেরও বেশি। ফলে ওয়ার্ডগুলোর উন্নয়ন অসম ও বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনী ব্যয়েও অনেক তারতম্য হবে। ৯০টি ওয়ার্ডের মধ্যে বেশি ভোটার পল্লবী ৬ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটারের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৯৬ জন। সবচেয়ে কম ভোটার ৭৩ নম্বর ওয়ার্ডে—মাত্র ১০ হাজার ৬৫৯ জন।