নতুন ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে উপাচার্য দপ্তরের সামনে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ শুরু করে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেন তাঁরা।
ছাত্রলীগ কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের প্রকল্পের মেয়াদ তিন বছরে তিন দফায় বাড়লেও নানা জটিলতায় এখন পর্যন্ত মাস্টারপ্ল্যান নিয়োগ হয়নি। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় মাস্টারপ্ল্যান ও অন্যান্য উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে উপাচার্য বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নতুন ক্যাম্পাসের জন্য কেরানীগঞ্জে ভূমি বরাদ্দ দেওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো মাস্টারপ্ল্যান ঠিক হয়নি। নিজস্ব ব্যবস্থাপনায় না করে বিভিন্ন দপ্তরে ঘুরলে অনেক দীর্ঘ সময় চলে যাবে শুধু মাস্টারপ্ল্যান আর পরিকল্পনা নিতে। এতে সব উন্নয়ন সব কাজ থেমে থাকবে, তাই আমাদের দাবি নিজস্ব ব্যবস্থাপনায় অতিদ্রুত সব উন্নয়ন কাজ শুরু হোক।