
বাইরের চত্বরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি)। ভেতরে ঝকঝকে সাদা টাইলস বিছানো মেঝে। ছাদে এলইডি বাতি। আধুনিক স্যানিটারিসামগ্রী। জুতা খুলে শৌচাগারে ব্যবহারের আলাদা স্যান্ডেল পায়ে দিয়ে ভেতরে ঢুকতে হয়। মনে হয়, বিলাসবহুল কোনো হোটেলের শৌচাগার। আদতে গণশৌচাগার।
তেজগাঁওয়ের নাবিস্কো এলাকার হাজি মরণ আলী সড়ক ও সাতরাস্তায় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৮ এপ্রিল এই দুটি গণশৌচাগার উদ্বোধন করে। উদ্বোধনের পর থেকেই বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এমন উন্নত গণশৌচাগার ব্যবহার করতে পেরে জনগণও খুশি।
গতকাল সোমবার শৌচাগার দুটির পরিচালনাকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনের শৌচাগারটি তুলনামূলক বেশি ব্যবহৃত হয়েছে। গত শনি ও রোববার—এই দুই দিনে শৌচাগারটি ব্যবহার করেছেন ৩৪৫ জন। আর এই দুই দিনে হাজি মরণ আলী সড়কের শৌচাগারটি ব্যবহার করেছেন ২০১ জন। দুটি শৌচাগারেই নারী ব্যবহারকারী ছিলেন না বললেই চলে।
পরিষ্কার-পরিচ্ছন্ন এই শৌচাগারে যাত্রীদের ব্যাগ রাখার লকার (তালা-চাবি দেওয়া জায়গা) যেমন আছে, তেমনি প্রয়োজনীয় পানি, হাত ধোয়ার সাবান, এমনকি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও আছে। শৌচাগারের অবকাঠামো প্রতিবন্ধীবান্ধব। সার্বক্ষণিকভাবে আছেন দুজন পরিচ্ছন্নতাকর্মী—একজন পুরুষ, একজন নারী। আছেন একজন তত্ত্বাবধায়কও। শৌচাগার দুটি নির্মিত হয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে।
শৌচাগার দুটির তত্ত্বাবধায়ক শ্যামল চন্দ্র দাস ও পঙ্কজ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, অনেকেই আগ্রহ নিয়ে দেখতে আসেন, এত সুন্দর ঘরটি কী। যাঁরাই শৌচাগারটি ব্যবহার করেন, তাঁরা সবাই এর প্রশংসা করেন। আস্তে আস্তে ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে।
শৌচাগার ব্যবহার করার আগে প্রস্রাব, পায়খানার জন্য পাঁচ টাকা, গোসলের জন্য ১০ টাকার রিসিট নিতে হয়। লকার সুবিধার জন্য ৩০ টাকা জমা দিতে হয়। শৌচাগার ত্যাগ করার সময় চাবি বুঝিয়ে দিলে ২৫ টাকা ফেরত দেওয়া হয়। পানি পানের একবার ব্যবহারের উপযোগী প্লাস্টিকের গ্লাস কিনতে পাওয়া যায় এক টাকা করে।
ব্যবসায়িক কাজে তেজগাঁও এসেছিলেন রেদওয়ান রহমান। নতুন তৈরি শৌচাগারটি ব্যবহার করে বেশ খুশি। তিনি বলেন, ‘ভাবাই যায় না, এতটা পরিষ্কার পাবলিক টয়লেট। জনগণ তো এতটুকু সুবিধাই চায়। চলার পথে যাতে টয়লেটের কারণে বিব্রত না হতে হয়।’
ঢাকার গণশৌচাগার সম্পর্কে সাম্প্রতিক কোনো সমীক্ষা নেই। ২০১০ সালে সেন্টার ফর আরবান স্টাডিজ ও ওয়াটার এইড যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গেছে, ঢাকায় প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের প্রয়োজন হয়। ওই সমীক্ষায় রাজধানীতে মোটামুটি ব্যবহারের উপযোগী গণশৌচাগার পাওয়া গিয়েছিল ৪৭টি। গত পাঁচ বছরে ব্যবহারের উপযোগী শৌচাগারের সংখ্যা আরও কমেছে। অপরদিকে গণশৌচাগার ব্যবহার করা প্রয়োজন—এমন মানুষের সংখ্যা অনেক বেড়েছে।
গণশৌচাগারের এই সংকট থেকে উত্তরণে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এই বছরের ডিসেম্বরের মধ্যে ১০০টি গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। ডিএনসিসি সূত্রে জানা যায়, মহাখালী ওয়াসা পাম্প, ফার্মগেট ইন্দিরা রোড, তেজগাঁও ট্রাক টার্মিনালের ভেতরের শৌচাগারের নির্মাণকাজ চলছে। আরও পাঁচটির কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া কয়েকটি ফিলিং স্টেশনেও ডিএনসিসির পক্ষ থেকে শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।