উচ্চশিক্ষার দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাংগঠনিক কাঠামোতে (অর্গানোগ্রাম) আরও নতুন দুটি বিভাগ যোগ হচ্ছে। এ ছাড়া দুটি বিভাগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হচ্ছে। জনবলও কিছু বাড়ছে। অর্গানোগ্রামে এসব বিষয় অন্তর্ভুক্ত করে সংশোধিত সাংগঠনিক কাঠামো অনুমোদন করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইউজিসি। গত ২১ মার্চ অর্গানোগ্রামটি মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে জানান ইউজিসির কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন ‘নতুন অর্গানোগ্রাম ইউজিসিতে অনুমোদন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় ইচ্ছা করলে এ বিষয়ে মতামত দিতে পারে।’অন্য এক কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রণালয়ের কোনো মতামত না থাকলে এটিই হবে ইউজিসির নতুন অর্গানোগ্রাম। বর্তমানে ইউজিসি প্রশাসনসহ ছয়টি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। একেকটি বিভাগে একজন করে পরিচালক রয়েছেন। তবে প্রশাসন বিভাগের প্রধান হলেন সচিব। ইউজিসি অনুমোদিত নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী এই ছয়টি বিভাগের সঙ্গে উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে স্ট্রাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড রাইট টু ইনফরমেশন বিভাগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ খোলার কথা বলা হয়েছে। এ ছাড়া ট্রেনিং অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন বিভাগের নাম পরিবর্তন করে ইনফরমেশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড আইসিটি এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের নাম হবে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগ। একই সঙ্গে এসব বিভাগে জনবল পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। ইউজিসির আগের অনুমোদিত জনবল কাঠামোতে ৪০৮ জনবলের কথা বলা হয়েছে। তবে এত সংখ্যক জনবল বর্তমানে নেই। সংশোধিত অর্গানোগ্রামে ইউজিসির জনবল ৪১৯ করার কথা বলা হয়েছে।ইউজিসিরি একজন পদস্থ কর্মকর্তা বলেন, সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হওয়ার পর ইউজিসিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এর অধ্যাদেশ সংশোধনের কাজে হাত দেওয়া হবে। ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশ অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর কর্মপরিধি কম থাকলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় এখন এর দায়িত্ব বেড়েছে। কিন্তু কমিশনের ক্ষমতা সে অনুযায়ী বাড়েনি। কমিশন কেবল কোনো কিছুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ দিতে পারে। কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। জাতীয় শিক্ষানীতিতে ইউজিসির প্রচলিত আইনের মধ্যে বিদ্যমান অসঙ্গতিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করার কথা বলা হয়েছে।