নতুন নির্বাচন কমিশন গঠনের আগে হঠাৎ ইসির যুগ্ম সচিবের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর যুগ্ম সচিব মো. আবুল কাসেম পদত্যাগ করেছেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আবুল কাসেম চুক্তিভিত্তিক হওয়ায় নিয়ম অনুসারে তাঁর পদত্যাগপত্র জনপ্রশাসনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগমুহূর্তে আবুল কাসেম পদত্যাগ করায় গুঞ্জন উঠেছে নির্বাচন কমিশনার হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইসিতে কাজের সুবাদে সরকারের শীর্ষ পর্যায়ের কারও কারও সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে বলেও অভিযোগ উঠেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত ২ বা ৩ ফেব্রুয়ারি আবুল কাসেম পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন। অবসরে চলে যাওয়ার পর তিনি চুক্তিভিত্তিক ছিলেন। কেউ চুক্তিতে থাকলে জনপ্রশাসনের সঙ্গে ওই চুক্তি করতে হয়। সেই শর্তে তাঁর পদত্যাগপত্র নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসনে গেছে। এখনো আমরা তাঁর পদত্যাগপত্র গ্রহণের চিঠি জনপ্রশাসন থেকে পাইনি।’

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে বলা আছে, ‘আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন তবে সে ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হওয়ার অযোগ্য হবেন।’

বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে ‘কথা বলতে চান না’ বলে প্রথম আলোকে জানান আবুল কাসেম।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যেসব বিতর্কিত নির্বাচন হয়েছে, তার একটি ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জয়লাভ করেন। সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভোটের দায়িত্ব পালন করেছেন আবুল কাসেম। এ ছাড়া বিতর্কিত কে এম নূরুল হুদা কমিশনের গুরুত্বপূর্ণ আমলা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।