নতুন পাইপ বসলেও পানি আসছে পুরোনো লাইনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় পানি সরবরাহের জন্য নতুন পাইপ বসানোর কাজ শেষ। কিন্তু পানি সরবরাহ হচ্ছে পুরোনো লাইনে। স্থানীয় লোকজন এবং ওয়াসা সূত্র এ কথা জানিয়েছে।

মিরপুর ১১ নম্বর সেকশনের পাঁচটি ব্লকে বাড়ি আছে প্রায় ৫০০।

এডিবির প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা অর্থায়নে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াটার সাপ্লাই সেন্টার ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে পানির পাইপ চওড়া করার কাজ হয়েছে। এর অংশ হিসেবে মিরপুরের বিভিন্ন সেকশনের বেশির ভাগ এলাকায় নতুন পাইপ বসানো হয়। আগের পাইপ ছিল সর্বোচ্চ চার ইঞ্চি ব্যাসের। নতুন লাগানো পাইপের ব্যাস সর্বোচ্চ আট ইঞ্চি।

সম্প্রতি মিরপুর ১১ নম্বর সেকশনের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এখনো পুরোনো লাইনে পানি সরবরাহ করা হচ্ছে। তাঁরা বলেন, চওড়া পাইপ বসানোর জন্য প্রায় দেড় বছর আগে এলাকার রাস্তা খোঁড়া হয়। খোঁড়াখুঁড়ির কারণে মাসের পর মাস চরম দুর্ভোগে পড়তে হয় তাঁদের।

গত বুধবার বি ব্লকের বাসিন্দা সৈয়দ মানিক বলেন, প্রায় এক বছর আগে তাঁর তিনতলা বাড়িতে নতুন মিটার দেওয়া হয়। নতুন মিটারের জন্য নেওয়া হয়েছে ১৮ হাজার টাকা। অথচ  নতুন লাইনে পানি পাচ্ছেন না। বিল আসছে নির্ধারিত অঙ্কে (এস্টিমেট বিল)। প্রতি মাসে ৯০০ টাকা করে দিতে হচ্ছে। কয়েকটি বাড়ি থেকে অবশ্য ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, বি ব্লকে বাড়ি আছে ১২০টি। অনেক বাড়িতেই নতুন মিটার বসেছে। কয়েকজন বাসিন্দা বলেন, তাঁরা এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রতি বাড়ি থেকেই নির্ধারিত বিল নেওয়া হচ্ছে।

ঢাকা ওয়াটার সাপ্লাই সেন্টার ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক ও ঢাকা ওয়াসার পরামর্শক এ কে এম শহীদউদ্দিন বলেন, নতুন সংযোগ দিতে গিয়ে কয়েক দফা বাধা এসেছে। বিশেষ করে আটকে পড়া পাকিস্তানিরা বিনা পয়সায় নতুন সংযোগ চায়। তারা ওয়াসার লোকদের লাঞ্ছিতও করেছে। এ কারণে পাইপ বসানোর কাজ শেষ হলেও পানি সরবরাহে দেরি হচ্ছে। বৈধ গ্রাহকদের নতুন সংযোগে দ্রুত পানি দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, নতুন মিটারে সংযোগ দিতে কোনো টাকা নেওয়ার কথা নয়। কারা টাকা নিয়েছেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। নির্ধারিত বিল নেওয়ার বিষয়েও খোঁজ নেওয়া হবে।

ব্লক এ ও বির দুজন বাসিন্দা গত বৃহস্পতিবার এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, সেদিন দুপুর থেকে কয়েকটি বাড়িতে ভালো বেগে পানি আসে। তবে ঘণ্টাখানেকের মধ্যে আগের অবস্থায় ফিরে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার ১০ নম্বর অঞ্চলের একজন সহকারী প্রকৌশলী বলেন, পরীক্ষামূলকভাবে কিছু সময়ের জন্য নতুন লাইনে পানি সরবরাহ করা হয়েছিল। এ কারণে পানির বেগ বেড়েছিল।