নতুন পানি শোধনাগার হচ্ছে আপাতত দাম বাড়ছে না
ঢাকা ওয়াসা আরও ৪৫ কোটি লিটার উৎপাদনক্ষমতাসম্পন্ন আরেকটি পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই শোধনাগার স্থাপনের জন্য স্থান নির্বাচন হয়ে গেছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অর্থায়নের জন্য দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা জানিয়েছেন।গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা এক হাজার লিটার পানি বাবদ ভোক্তাদের কাছ থেকে মাত্র ছয় টাকা পায়। আপাতত ওয়াসার পানির দাম বাড়ানো হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পানির অপচয় রোধে গণমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে।ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত ‘ঢাকা শহরের পানি সরবরাহ ব্যবস্থাপনা কৌশল’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করতে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আজিজুল হক বলেন, ঢাকা শহরের জনসংখ্যা দ্রুত বাড়ছে। ভূগর্ভস্থ পানি বছরে তিন মিটার করে নেমে যাচ্ছে। এ পরিস্থিতিতে ভূমিকম্প ছাড়াই বড় ধরনের ভূ-চ্যুতি হতে পারে। নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়। তিনি প্রতিটি বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখা বাধ্যতামূলক করার সুপারিশ করেন।ঢাকা ওয়াসার উপ-মহাব্যবস্থাপক লিয়াকত আলী বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন ২০২ কোটি লিটার পানি উৎপাদন করে। গত বছর নতুন করে ৫০টি পানির পাম্প স্থাপন করায় এ বছর শুকনো মৌসুমে খাওয়ার পানির সংকট দেখা দেয়নি।ঢাকার খাওয়ার পানির ৮৭ শতাংশ ভূগর্ভস্থ ও বাকি ১৩ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে এ তথ্য জানিয়ে লিয়াকত আলী বলেন, আগামী ৩০ মাসের মধ্যে দ্বিতীয় পানি পরিশোধনকেন্দ্রটি চালু হবে। তাহলে ভূগর্ভস্থ পানির উৎসের প্রতি নির্ভরশীলতা কমে আসবে।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্রের অবৈতনিক সম্পাদক এ কে এম শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, প্রতিবছর রাজশাহী শহরের সমান জনসংখ্যা ঢাকা শহরে বাড়ছে।