নতুন প্রজন্মকে ঢাকার ঐতিহ্য জানাতে বই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে গতকাল শনিবার শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের ‘ঢাকা বিষয়ক বই’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাবাসী নামে একটি সংগঠন ও গণগ্রন্থাগার কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এতে ঢাকা ও পুরান ঢাকার বিষয়ে লেখা বিভিন্ন লেখকের বই, ভিউকার্ড, পেপার কাটিং, প্রবন্ধ ইত্যাদি প্রদর্শনী করে ঢাকাবাসী, ঢাকা কেন্দ্র, গণগ্রন্থাগার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব কলা কেন্দ্র। সহযোগিতায় ছিল সংস্কৃতি মন্ত্রণালয়।
গতকাল বিকেলে গণগ্রন্থাগারের সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে বই প্রদর্শনীর উদ্বোধন করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, ঢাকা ও পুরান ঢাকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই জানেন না। এভাবে চলতে থাকলে নিজ সংস্কৃতিকে ধরে রাখা যাবে না। ঢাকা সম্পর্কে লেখক ও প্রকাশকদের আরও বেশি বই প্রকাশ করতে হবে। এ ছাড়া এসব বইয়ের গুরুত্ব বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়কে কাজ করতে হবে৷
ঢাকাবাসীর সভাপতি মো. শুকুর সালেক প্রথম আলোকে বলেন, ঢাকাবাসীর তিন যুগ পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বীণবাদক আবদুল কাদেরের বীণ বাজনা দিয়ে প্রদর্শনী শুরু হয়।
শুকুর সালেকের সভাপতিত্বে আলোচনা সভায় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ঢাকাবাসীর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকাবাসীর সদস্য সেলিনা খানম প্রমুখ বক্তব্য দেন।