জামায়াত-শিবির ও রাজাকারদের বিরুদ্ধে নতুন প্রজন্মের ‘ঐতিহাসিক বিদ্রোহকে’ পূর্ণ সমর্থন জানাতে সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের এ সংগঠন সব মানবতাবিরোধী অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া, অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ করা ও তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বর্জনের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভায় এ আহ্বান জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সভায় দেশের মুক্তিযুদ্ধ ও অস্তিত্বকে চ্যালেঞ্জ করা জামায়াত-শিবিরের বিরুদ্ধে নতুন প্রজন্মের আন্দোলন জোরদার করতে প্রতিটি এলাকা, উপজেলা ও জেলায় অবিলম্বে জামায়াত-শিবির প্রতিরোধ মঞ্চ গঠন করা হবে।মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, আবু ওসমান চৌধুরী, কর্নেল শামসুল আলম, আনোয়ারুল আলম, মহিউদ্দিন আহমেদ, আবদুল হাই, আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ।