নতুন বছরে পরিচ্ছন্ন নগর উপহার দেবেন খোকন

নতুন বছরে রাজধানীর সড়কে কোনো হকার থাকবে না, থাকবে না অবৈধ পার্কিংও। ফুটপাত অবৈধ দখলদারমুক্ত হবে, সড়কে থাকবে না কোনো অবৈধ স্থাপনা। আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
গতকাল বুধবার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন। ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা দিতে মেয়র এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নতুন বছরে মেয়র তাঁর কয়েকটি নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। এগুলো হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, গণশৌচাগার, নগরের সৌন্দর্যবর্ধন, সড়কবাতি ও ফুটপাত দখলমুক্ত করা। সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ‘ঢাকাকে রাতারাতি বদলে দেওয়ার দাবি আমাদের নেই। আমরা পরিকল্পনা করে এগিয়ে যেতে চাই। তবে মনে রাখতে হবে, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পদ ও কর্তৃত্ব সীমিত। তারপরও সাধ্যমতো কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।’ ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর উল্লেখ করে মেয়র বলেন, ভাবনার পরিচ্ছন্নতা থেকে শুরু করে একটি পরিচ্ছন্ন জীবনবোধ সৃষ্টি করা এই কর্মসূচির অন্তর্গত চেতনা।
ঢাকার জন্য আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন করার কথা উল্লেখ করে মেয়র বলেন, এ পদ্ধতি কয়েকটি ধাপে হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রধান সড়ক থেকে আবর্জনার কনটেইনার স্থানান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ৫৭টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ এবং প্রতিদিন সকাল সাতটার মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হবে। দিনের বেলায় ময়লা ফেলতে দেওয়া হবে না। পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। এ লক্ষ্যে গণমাধ্যমে প্রচারণা চালানো হবে। এরপর থাকছে গণশৌচাগার নির্মাণ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় প্রধান জনসমাগমস্থলে ২০১৬ সালের মধ্যে ছোট আকারের ৫০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে। ২০১৬ সালের মধ্যে ঢাকা শহরকে দৃষ্টিনন্দন করা হবে। এর জন্য পয়লা জানুয়ারি থেকে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অনুমতি ছাড়া ব্যানার-ফেস্টুন লাগাতে দেওয়া হবে না। ঢাকার রাস্তায় আধুনিক পরিবেশবান্ধব সড়কবাতি সংযোজন করা হবে। সব সড়কে এলইডি বাতি লাগানো হবে। আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকার অনেক স্থানে এ ধরনের বাতি দেখা যাবে। এরপর রয়েছে সড়ক দখলমুক্ত করার চিন্তা। ডিএসসিসির পরিচ্ছন্নতাবিষয়ক অভিযোগ গ্রহণের জন্য দিন-রাত হটলাইন চালু থাকবে বলেও জানান মেয়র।
মেয়র বলেন, ঢাকা শহরের বাসিন্দাদের জন্য যোগব্যায়াম করার এবং নির্দিষ্ট একটি দিনে সাদা শার্ট পরার আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরবাসীকে মানসিকভাবে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হবে। কারণ, পরিচ্ছন্ন চিন্তা ছাড়া সমাজকে পরিচ্ছন্ন করা যাবে না। নগরবাসীকে পরিচ্ছন্ন করার ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য সিটি করপোরেশন মেডিটেশনের (যোগব্যায়াম) আয়োজন করবে। একটি নির্দিষ্ট দিনে সাদা শার্ট পরার ঘোষণা দিয়ে মেয়র বলেন, সাদা পবিত্রতার প্রতীক। নগরবাসীকে মানসিকভাবে পরিচ্ছন্ন করার উদ্যোগ হিসেবে একটি দিনকে ‘সাদা শার্ট দিবস’ ঘোষণা করা হবে। এদিন নগরবাসী সাদা শার্ট পরবেন।
যোগব্যায়াম করানো এবং মানুষকে সাদা শার্ট পরানো মেয়রের কাজ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে যোগব্যায়ামের আয়োজন করা হবে। এটি উৎসবের মতো হবে। কাউকে জোর করে আনা হবে না। যাঁরা ইচ্ছা করবেন, তাঁরা আসতে পারবেন। জীবন গঠনের জন্য এটা জরুরি। আর সাদা শার্টের বিষয়টি একেবারেই প্রতীকী। সবার প্রতি আবেদন থাকবে একটি দিনে সাদা শার্ট পরুন।
গুলিস্তানের হকারই উচ্ছেদ করতে পারেননি, তাহলে সারা শহর হকারমুক্ত করবেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ফুটপাতে ব্যবসার সঙ্গে কিছু রাজনৈতিক প্রভাবশালী ও পুলিশের অসাধু সদস্যরা জড়িত। এঁরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। তিনি বলেন, ‘আমরা শতভাগ সফল হইনি, তাই বলে হাল ছেড়ে দিইনি।’