নতুন বছরে বাড়িভাড়া না বাড়ানোর দাবি
করোনা মহামারির এ সময়ে আগামী বছর বাড়িভাড়া বাড়ানো বন্ধের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। সংগঠনটি আজ এক মানববন্ধনে এ দাবি জানায়। জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের প্রথম মাসে বাড়িওয়ালারা বাড়িভাড়া বাড়ানোর একটি অলিখিত নিয়ম চালু করে রেখেছেন। চলতি বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশির ভাগ ভাড়াটিয়া এমনিতেই দিশেহারা। ২০২১ সালের জানুয়ারি থেকে বাড়িওয়ালাদের বাড়িভাড়া বাড়ানোর নোটিশে ভাড়াটিয়াদের বাড়তি উদ্বেগে ফেলেছে। এই নির্মম অত্যাচার সহ্য করা ছাড়া কোনো উপায়ও থাকে না।
মানববন্ধনে সাধারণ ভাড়াটিয়াদের দুরবস্থার কথা বিবেচনা করে ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে করোনাকালীন মার্চ থেকে মে এই তিন মাসের বাড়িভাড়া ও দোকানভাড়া মওকুফের মানবিক আবেদন জানানো হয়। যেসব বাড়িওয়ালা মওকুফ করেছেন, তাঁদের ধন্যবাদও জানানো হয়।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বলেন, করোনার এই বিশেষ পরিস্থিতিতে বাড়িভাড়া বৃদ্ধির মতো অমানবিক সিদ্ধান্ত কোনো ভাবেই কাম্য হতে পারে না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকনির্দেশনামূলক ঘোষণা থাকা প্রয়োজন।
মানববন্ধনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্যসচিব মুফতি মাসুম বিল্লাহ , ভাড়াটিয়া পরিষদের নেতা কিরণ মৃধা, জামাল শিকদার, মাসুদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।