নতুন বছরে বিনোদনকেন্দ্র ও রেস্টুরেন্টে ভিড়
কালের অমোঘ নিয়মে ক্যালেন্ডারের পাতা থেকে ইতিমধ্যে হারিয়ে গেছে ২০১৫ সাল। নানা আয়োজনে রাজধানীবাসী স্বাগত জানিয়েছে খ্রিষ্টীয় নতুন বছর ২০১৬ সালকে। বছরের প্রথম দিনই সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিনোদনকেন্দ্র ও রেস্টুরেন্টগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এবার মধ্যরাতে (থার্টি ফার্স্ট নাইট) উন্মুক্ত জায়গায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার পর গুলশান, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তাচৌকি বসান এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেন।
রাজধানীবাসীর বৃহস্পতিবারের মধ্যরাতের আয়োজন ছিল মূলত ঘরবন্দী। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই তাঁরা আনন্দ-উল্লাসে নতুন বছরকে স্বাগত জানান। উচ্চ শব্দে গান বাজিয়ে, নিজেদের মতো আনন্দ-উল্লাস করে বরণ করেন নববর্ষকে। আতশবাজি ছিল ঢাকাবাসীর বর্ষবরণের অন্যতম আয়োজন। যদিও আতশবাজি নিষিদ্ধ ছিল। তারপরেও হঠাৎ কোনো বাড়ির ছাদের ওপর দেখা গেছে আতশবাজির ফুলকি, ঠুসঠাস আওয়াজ। ঢাকার ওয়েস্টিন, সোনারগাঁও, র্যা ডিসনসহ অভিজাত হোটেলগুলো থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন উপলক্ষে সেজেছিল রঙিন সাজে। বড় বড় ভবনেও করা হয় আলোকসজ্জা। নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠান সাজানো হয় রঙিন আলোয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কার্জন হলসহ ছেলেদের বেশ কয়েকটি হলে আতশবাজির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে। রাত ১২টায় টিএসসিতে বর্ষবরণের সময় হাজার খানেক শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে।
নিরাপত্তায় মোড়া বর্ণিল ঢাকায় বৃহস্পতিবার রাতে অনেক সড়ক ছিল বন্ধ। গুলশান, বনানী ও কূটনৈতিক পাড়ায় হাতে গোনা কয়েকটি সড়ক দিয়ে প্রবেশ করা গেছে। রাত আটটার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহনকে এসব এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু ওই এলাকার বাসিন্দাদের ঢুকতে দেওয়া হয়। হাতিরঝিলে প্রবেশের সড়কও ছিল বন্ধ। বছরের প্রথম দিনে গতকাল শুক্রবার রাজধানীবাসী ভিড় জমিয়েছিলেন বিনোদনকেন্দ্র ও রেস্টুরেন্টগুলোয়। শিশুপার্ক, জাতীয় জাদুঘরের মতো ঢাকার অন্য বিনোদনকেন্দ্রগুলোতেও ঘুরতে এসেছিলেন অনেকে। বছরকে স্বাগত জানাতে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ধানমন্ডি, উত্তরা, বনানী, খিলগাঁও এলাকায় অবস্থিত রেস্টুরেন্টগুলোতে খেতে এসেছেন।