নতুন সময়সূচি বাতিলের দাবিতে ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পণ্যবাহী গাড়ি প্রবেশে নতুন সময়সূচি বাতিলের দাবিতে গত শনিবার থেকে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ লাগাতার ধর্মঘট পালন করছে। ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, সরকার বর্তমানে রাজধানীতে রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি প্রবেশের সময়সূচি বেঁধে দিয়েছে। এ অবস্থায় একটি গাড়ি লাইনে আসতে রাত দেড় থেকে দুইটা বেজে যাবে। এতে পণ্যের ওঠানামা করানো কঠিন হয়ে পড়বে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন। পণ্য পরিবহন সংস্থার মালিকদের অসংখ্য গাড়ি রয়েছে। যখন কোনো ধর্মঘটের ডাক দেওয়া হয়, তখন সরকার পণ্য পরিবহন সংস্থার মালিকদের এড়িয়ে ট্রাকচালকদের সঙ্গে আলোচনা করে থাকে। এতে সমস্যার কোনো সমাধান হয় না।নেতারা বলেন, রাজধানী থেকে প্রায় ৭০ ভাগ পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এতে প্রায় এক হাজার ট্রাক ব্যবহার হচ্ছে। গত শনিবার থেকে পণ্য পরিবহন সংস্থার সব কার্যক্রম বন্ধ থাকায় সারা দেশেই প্রায় পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। অন্যান্য এজেন্সির গাড়ি ভয়ে ঢাকায় ঢুকতে পারছে না। এতে পাইকারি ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে তাঁরা জানান। তাঁরা বলেন, পুরান ঢাকা ব্যবসার প্রাণকেন্দ্র। কিন্তু এখানে পণ্য ওঠানামার জন্য কোনো টার্মিনাল নেই। নদীর ওপারে কেরানীগঞ্জে একটি টার্মিনাল নির্মাণের দাবি জানানো হয়। যানজট নিরসনে রাজধানীর চৌরাস্তা ও রেলক্রসিংগুলোতে টানেল নির্মাণের দাবি করে তাঁরা বলেন, এতে যানবাহনের চাপ অনেক কমে যাবে।ঐক্য পরিষদের সমন্বয়কারী দোলন বড়ুয়া বলেন, এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্য পরিষদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। অন্যথায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।