নতুন হল নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ হাজার শিক্ষার্থীর জন্য নতুন হল নির্মাণ করে আবাসন-সংকট নিরসনের দাবি জানাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দাবি আদায়ে ছাত্র সংগঠনটি গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুর ১২টায় নতুন হল নির্মাণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা ভাস্কর্য চত্বরে মানববন্ধন করে। এতে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শরীফুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য নাসির উদ্দিন মোর্শেদ প্রমুখ।সমাবেশে ছাত্রনেতারা বলেন, হল না থাকার কারণে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। নিরুপায় হয়ে তাঁরা মেসে দুর্বিষহ জীবন যাপন করছেন। ছাত্রদের আন্দোলনের মুখে প্রশাসন বারবার আশ্বাস দিলেও একজন ছাত্রকেও এখন পর্যন্ত আবাসন-সুবিধা দিতে পারেনি।ছাত্রনেতারা আরও বলেন, বেদখল হয়ে থাকা কয়েক শ কোটি টাকার সম্পত্তি ও আবাসিক হলগুলোর একটিও উদ্ধার করতে পারেনি প্রশাসন। বেদখল হওয়া ১২টি হলেরও মধ্যে একমাত্র বাণী ভবনের একাংশ এবং ধূপখোলা মাঠ কর্তৃপক্ষের দখলে থাকলেও এগুলোর দলিলপত্র উদ্ধার করা যায়নি। এমনকি নতুন হল নির্মাণেও তেমন কোনো উদ্যোগ নেই।