নদী-জলাশয়ের দূষণ রোধে কর্তৃপক্ষ গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণ রোধে নদী ও জলাশয়বিষয়ক একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠন করতে হবে। নদী-জলাশয়দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ কর্তৃপক্ষকে যথেষ্ট ক্ষমতা দিতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের আইপিডি সম্মেলনকক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়। সভায় রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও বংশী নদীর দূষণের চিত্র তুলে ধরে তা রোধে একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় নদীসংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মমিন তালুকদার বলেন, রাজধানীর অর্ধেক বর্জ্য এ নদীগুলোয় ফেলা হয়। ফলে এগুলোর পানি পরিশোধনের অযোগ্য হয়ে পড়েছে।কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন, ওয়াসাসহ বেশির ভাগ সরকারি সংস্থা তাদের বর্জ্যের বেশির ভাগ নদীতে ফেলে। দূষণের অপরাধে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকেও এ ব্যাপারে বিরত রাখতে হবে।’ সম্প্রতি চর কুকরিমুকরিতে স্থানীয় সাংসদের নির্দেশে বন কেটে রাস্তা বানানোর উদ্যোগ নেওয়ার যে অভিযোগ সংবাদপত্রের মাধ্যমে উঠেছে, সে প্রসঙ্গ উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, সাংসদদেরও এ ব্যাপারে সোচ্চার হতে হবে।সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আইনপ্রণেতারা যদি আইন ভঙ্গকারী হন, তাহলে দেশে পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে।’ নদী ও জলাশয়গুলো রক্ষায় একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে তিনি বলেন, ‘এ কর্তৃপক্ষকে দূষণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষমতা দিতে হবে।’ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত ২৮৯টি স্থাপনা ও প্রকল্পকে দূষণের অপরাধে ২৭ কোটি টাকা জরিমানা করে ১২ কোটি টাকা আদায় করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, রাজউক, ডিসিসিসহ ২৩টি সরকারি সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজারীবাগ ট্যানারি সরানোর ব্যাপারে ট্যানারি মালিকেরা নোংরা রাজনীতি করছেন। তাঁদের ১৫০টি প্লট বুঝিয়ে দেওয়ার পরও নানা অছিলায় যেতে চাচ্ছেন না। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, ‘পূর্বাচল এলাকায় রাজউক মাটি ভরাট করে নদীর ভেতরে চলে গেছে।’ রাজধানীর চারপাশের নদীগুলো খনন করে এখনো সচল করা সম্ভব বলে তিনি মত দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু তাহের বলেন, ‘যদি কাউকে চড় মারার অপরাধে ৫০ টাকা জরিমানা করা হয়, তাহলে যে কেউ যত ইচ্ছা চড় মেরে জরিমানা দিয়ে চলে যাবে। দূষণকারীদের বিরুদ্ধে এমনভাবে ব্যবস্থা নিতে হবে, যাতে তাঁরা জরিমানার ভয়ে দূষণ না করেন।’