নদী দখল-দূষণ রোধে ঢাকায় বিআইডব্লিউটিএর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গতকাল মঙ্গলবার মানববন্ধন, শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্মসূচি পালনকালে নদীকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দখল ও দূষণ রোধ করার বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতেই হবে। বক্তারা আরও বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে একদিন নদী দখল ও দূষণ অবশ্যই রোধ করা সম্ভব হবে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদকে আগের অবস্থায় ফিরিয়ে এনে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া যাবে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নদী হারিয়ে গেলে দেশবাসী বাঁচতে পারবে না। নদীর প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী নদী খননের ওপর জোর দিয়েছেন। বর্তমান সরকারের সময় নদীকে দখল ও দূষণমুক্ত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক প্রমুখ।ঢাকার চার নদীসহ দেশের অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের আওতায় গতকালের কর্মসূচি নেওয়া হয়। ইনিশিয়েটিভ ফর পিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এসব কর্মসূচিতে সহায়তা করছে।