পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নদী দখলকারী ভূমিদস্যু ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো যেকোনো মূল্যে দখল ও দূষণমুক্ত করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। গতকাল মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ঢাকা নাগরিক আয়োজিত ‘বুড়িগঙ্গা, সরকারি পদক্ষেপ এবং জনমত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে ওই সভায় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে পরিবেশ নিয়ে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি কথার ফুলঝুরি নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বুড়িগঙ্গাসহ দেশের নদনদী রক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে।’ শিল্প-কারখানার মালিকেরা তাঁদের প্রতিষ্ঠান গড়ার সময় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য শোধনাগার স্থাপনসহ পরিবেশ রক্ষায় যেসব অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিলেন, সেগুলো বাস্তবায়ন না করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই নদী দখল, দূষণ ও পরিবেশ বিপর্যয় করতে দেওয়া হবে না।হাছান মাহমুদ আরও বলেন, ঢাকার চারপাশের নদনদীগুলো দূষিত হলে ঢাকার লোকজন অসুস্থ ও রুগ্ণ হয়ে পড়বে। তাই যেকোনো মূল্যে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদনদীগুলোকে দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি জানান, সরকার বুড়িগঙ্গার তলদেশ থেকে পলিথিন ও বর্জ্য অপসারণের কর্মসূচি নিয়েছে। এর কোনো গাফিলতি হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বুড়িগঙ্গাকে রক্ষায় নদীর দুই পারের জনগণসহ সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বুড়িগঙ্গাসহ দেশের নদনদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার ব্যাপারে অতীতে কোনো সরকার এগিয়ে আসেনি। আমরা চাই নদীগুলো দখল ও দূষণমুক্ত হোক। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। কারণ, আমরা যদি নদীকে দখল ও দূষণের হাত থকে রক্ষা করতে না পারি তবে ঢাকা মহানগর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। নদী দখল ও দূষণমুক্ত করতে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।’ বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, জলাধার সংরক্ষণ আইন যথাযথ প্রয়োগ করতে হবে। যেসব জলাধার, খাল ও নদী দখল হয়ে গেছে এবং ভরাট করে ফেলা হয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। তিনি আরও বলেন, ‘নদীর তীর দখলের যে তালিকা প্রণয়ন করা হয়েছে, সেগুলো উচ্ছেদ করতে হবে। প্রয়োজনে নতুন তালিকা করে নদী দখল ও দূষণমুক্ত করা দরকার। নদী বাঁচলে আমরা বাঁচব। নদীদূষণ হলে আমরা বাঁচতে পারব না।’সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কমিশনার হুমায়ুন কবির, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্যসচিব মিহির বিশ্বাস, বাপার যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা, ঢাকা নাগরিকের সভাপতি মো. আবদুল মতিন ও সাধারণ সম্পাদক বোরহান বুলবুল।নদনদী বাঁচাতে নাগরিক সভায় ১৩টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে জরুরিভাবে বুড়িগঙ্গার সীমানা নির্ধারণ, দখল হওয়া জমি উদ্ধার, দখল সম্পূর্ণভাবে উচ্ছেদ ও খাসজমি সংরক্ষণ।