রাজধানীসংলগ্ন এলাকায় নদী ও খাল দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিযানের প্রথম দিন তুরাগ নদের অংশ ও এর তীর দখল করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নদী ভরাটের কাজে ব্যবহূত চারটি ভ্যাকু, দুটি ট্রাক ও দশ লাখ টাকার বেশি মূল্যের বালুর তিনটি গদি বাজেয়াপ্ত করা হয়।নদী দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এটিই প্রথম অভিযান। প্রথম দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অভ্যন্তরীণ নৌপরিবহন ও ভূমি কর্মকর্তা এবং পুলিশ ও আনসারের সদস্যরা অংশ নেন।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাবতলী বড় বাজারসংলগ্ন তুরাগের তীর থেকে আদালত অভিযান শুরু করেন। টের পেয়ে অবৈধ দখলদারেরা নদীর তীর থেকে দখলের কাজে ব্যবহূত বালুর ট্রাক, ড্রেজার, ভ্যাকু ও বালুর গদি (দোকানঘর) ফেলে পালিয়ে যান। আদালত প্রথমে মো. শরফুদ্দিনের বালুর গদি ও নদীর তীর ভরাটের সরঞ্জাম বাজেয়াপ্ত করেন।দিয়াবাড়ির সিন্নিরটেক এলাকায় অভিযান চলাকালে একটি গদির মালিক জজ মিয়ার ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত হয়ে ভাইয়ের পক্ষে আদালতের কাছে সরকারি ও মসজিদের জায়গা দখল করে বালুর গদি করার কথা স্বীকার করেন। এই অপরাধের জন্য তিনি আদালতের কাছে জরিমানা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং বালু সরিয়ে নেওয়ার জন্য সময় চান। আদালত জয়নাল আবেদিনের আবেদন খারিজ করে দিয়ে বালু ও ভ্যাকু বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।জয়নাল আবেদিন আদালতের নির্দেশে নিজের বালুর গদি ও সাইনবোর্ড ভেঙে ফেলেন। সেখানে হুমায়ুন কবিরের ভ্যাকু দিয়ে নদীর তীর ভরাট করা হচ্ছিল। ভ্যাকু বাজেয়াপ্ত করার কথা শুনে হুমায়ুন কবির হাজির হন এবং আদালতকে বলেন, বালু ভরাট করছেন জহুরুল ইসলাম নামের একজন। জহুরুল ইসলামকে না পেয়ে বিআইডব্লিউটিএ তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে এবং আদালত হুমায়ুন কবিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সিন্নিরটেক এলাকায় তুরাগের তীর ভরাটের কাজে ব্যবহূত ভ্যাকু এবং বালুর দুটি গদির মালিককে খুঁজে না পেয়ে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। দারুস সালাম থানা পুলিশকে এসব নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।ভ্রাম্যমাণ আদালত গাবতলী বড় বাজার এলাকায় পৌঁছানোর আগেই দুটি ট্রাক ও বালুর গদি ফেলে পালিয়ে যান এসবের মালিক মোহাম্মদ শরফুদ্দিন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে থাকা দুটি ট্রাক, বালু ও ভ্যাকু জব্দ করার এবং নিলাম করে সেই টাকাও সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন পুলিশকে।আদালতের অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নদী ও খাল অবৈধভাবে দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে এটিই ভ্রাম্যমাণ আদালতের প্রথম অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে। যাঁরাই নদী ও খাল দখল করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিনের অভিযানে একটি এলাকার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।’